SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

মালয়েশিয়ায় অবৈধদের পাসপোর্ট পাওয়া নিয়ে শঙ্কা

Posted by methun

মালয়েশিয়ায় অবৈধ হয়ে পড়া বাংলাদেশি কর্মীদের পাসপোর্ট দেওয়ার কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় অতিরিক্ত লোকবল চেয়েছে বাংলাদেশ হাইকমিশন।

মালয়েশিয়া সরকারের সাধারণ ক্ষমা কর্মসূচির আওতায় ২ লাখ ৬৭ হাজার ৮০৩ বাংলাদেশি কর্মী বৈধ হতে নাম নিবন্ধন করেছেন। এদের মধ্যে ২ লাখ ৪৭ হাজার ৬২২ জনেরই পাসপোর্ট নেই।

লোকবল চেয়ে হাইকমিশনের শ্রম কাউন্সিলর মন্টু কুমার বিশ্বাসের পাঠানো জরুরি বার্তা রোববার মন্ত্রণালয়ে এসেছে বলে জানান প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান। ওই বার্তায় অতিরিক্ত ১৫ জন কর্মী নিয়োগের প্রস্তাব রাখা হয়েছে।

বর্তমানে সাত জন এ কার্যক্রমে যুক্ত রয়েছেন।

জাফর আহমেদ খান  বলেন, "জনবল সঙ্কট কাটিয়ে সবাইকে পাসপোর্ট দেওয়া নিশ্চিত করতে আমরা মন্ত্রণালয় থেকে সব ধরনের চেষ্টা করছি। তবে হাইকমিশনের কর্মকাণ্ড আরো গতিশীল হওয়া দরকার। স্থানীয়ভাবে লোকবল নিয়োগ করে সমস্যা সমাধানের জন্য তাদের অনেক আগেই বলা হয়েছে।"

২০১২ সালের ১০ জানুয়ারির মধ্যে নিবন্ধিত সব অবৈধ বাংলাদেশি কর্মীকে পাসপোর্ট দেওয়ার কাজ শেষ করতে হবে।

বার্তায় বলা হয়েছে, ১০ অক্টোবর নতুন পাসপোর্ট দেওয়ার কাজ শুরু করার পর থেকে আবেদনকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। নিবন্ধিত কর্মীদের মধ্যে ৫ নভেম্বর পর্যন্ত এক লাখ ১৭ হাজার কর্মী পাসপোর্টের জন্য আবেদন করেছেন, যাদের ৬৫ হাজার ৫০০ জনকে পাসপোর্ট দেওয়া হয়েছে। এ ছাড়া এক লাখ ৩০ হাজার ৬২২ কর্মী আবেদনই করেননি।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল থেকে ব্যয় বহন করে জরুরি ভিত্তিতে স্থানীয়ভাবে মাসিক এক হাজার রিংগিত বেতনে ১৫ জন লোক নিয়োগের সুপারিশ করা হয় ওই বার্তায়।

'পাসপোর্ট বিষয়ে প্রচার নেই'

আগামী ১০ জানুয়ারির মধ্যে কাগজপত্রবিহীন বাংলাদেশি কর্মীদের বাধ্যতামূলক পাসপোর্ট নেওয়ার বিষয়ে তেমন প্রচার করা হয়নি বলে অভিযোগ করেছেন কুয়ালালামপুরে বেসরকারি সংস্থা এফডব্লিউএমএমসি'র (ফরেন ওয়ার্কার্স ওয়েলফেয়ার ম্যানেজমেন্ট সেন্টার) উপদেষ্টা সাংবাদিক কায়সার হামিদ হান্নান।

তিনি টেলিফোনে বলেন, "শুরু থেকেই এ ব্যাপারে ব্যাপক প্রচার দরকার ছিলো। যথাযথ প্রচার থাকলে অন্ততঃ এক লাখ শ্রমিকের ভাগ্য ঝুঁকির মুখে পড়তো না। পাসপোর্ট নেওয়ার ডেডলাইন শেষ হতে খুব অল্প সময় থাকলেও এখনো এক লাখ ৩০ হাজার কর্মী পাসপোর্টের জন্য আবেদনই করেননি।"

এখন দৈনিক দুই হাজারের মতো পাসপোর্ট দেওয়া হচ্ছে।

"এভাবে চলতে থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে ১ লাখ কর্মীর পাসপোর্ট দেওয়া সম্ভব হবে। বাকি কর্মীরা পাসপোর্ট শূন্য থাকবেন। নির্ধারিত সময়ের মধ্যে নতুন পাসপোর্ট না পেলে আগামী বছরের শুরুতে সবাইকে দেশে ফিরে আসতে হবে," আশঙ্কা কায়সারের।

অবশ্য প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান বলছেন, মালয়েশীয় পত্রিকায় এ নিয়ে বিজ্ঞাপন প্রচারের জন্য হাইকমিশনকে পরামর্শ দেওয়া হয়েছিলো।

'অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে'

এদিকে কুয়ালালামপুরের বাংলাদেশি ব্যবসায়ী সিরাজুল ইসলাম অভিযোগ করেন, আর্থিক কারণে পাসপোর্ট দেওয়ার কাজ ধীর গতিতে হচ্ছে।

তিনি বলেন, "দালালের মাধ্যমে ছাড়া পাসপোর্ট নেওয়ার সুযোগ নেই হাইকমিশন থেকে। কাগজপত্র বিহীন বাংলাদেশি কর্মীদের মাত্র ১০২ রিংগিত (মালয়েশিয়ার মুদ্রা) খরচ করে হাইকমিশন থেকে পাসপোর্ট পাওয়ার কথা। কিন্তু এজন্য ৩০০ থেকে ৫০০ রিংগিত পর্যন্ত খরচ করতে হচ্ছে।"

এরই মধ্যে অভিযোগ তদন্তে সাত সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল গত ১১ সেপ্টেম্বর মালয়েশিয়া সফর করেন।

তবে হাইকমিশনের শ্রম কাউন্সিলর মন্টু কুমার বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, "কাগজপত্র বিহীন কর্মীদের নির্দিষ্ট সময়ের মধ্যে পাসপোর্ট দিতে সব উদ্যোগই নেওয়া হয়েছে। নিয়ম মেনেই সবকিছু করা হচ্ছে। এতে কোনো প্রকার অনিয়ম হচ্ছে না।"

৬-পি কর্মসূচির আওতায় গত ১ অগাস্ট থেকে মালয়েশিয়ায় অবৈধ হয়ে পড়া বাংলাদেশি কর্মীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়। ৩১ আগস্ট শ্রমিক নিবন্ধন শেষ হয়। বর্তমানে পাসপোর্ট দেখিয়ে এসব কর্মীকে বৈধ করার প্রথম পর্যায়ের কাজ চলছে।

ব্যাপক দরপতনে এসইসির সামনে বিক্ষোভ

Posted by methun

পুঁজিবাজারে ব্যাপক দরপতনের প্রতিবাদে এবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সামনে বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা।

সোমবার লেনদেন শুরুর পর প্রথম ৫ মিনিটেই সূচক ১০৭ পয়েন্ট কমে যায়। এক পর্যায়ে সূচক ২০০ পয়েন্টের বেশি পড়ে যায়।

লেনদেন শুরুর পরপরই ব্যাপক দরপতনের প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনের রাস্তায় নামে সাধারণ বিনিয়োগকারীরা। আরেকদল বিনিয়োগকারী দিলখুশায় এসইসি কার্যালয়ের সামনেও বিক্ষোভ শুরু করে। তারা অর্থমন্ত্রী ও এসইসির বিরুদ্ধে শ্লোগান দেয়। এ সময় বিপুল সংখ্যক পুলিশ এসইসি ফটকের সামনে অবস্থান নেয়।

ব্যাপক দরপতনের প্রতিবাদে ডিএসইর সামনে নিয়মিত বিক্ষোভ চালিয়ে যাচ্ছে বিনিয়োগকারীরা। সা¤প্রতিককালে এবারই প্রথম এসইসির সামনে বিক্ষোভ দেখাল তারা।

পরে দুপুর আড়াইটার দিতে পুলিশের মধ্যস্থতায় বিনিয়োগকারীদের তিনজন প্রতিনিধি এসইসি চেয়ারম্যান ম. খায়রুল হোসেনের সঙ্গে দেখা করতে ঢোকেন। দুপুর সাড়ে তিনটার দিকে বৈঠক শেষ হয়।

বিনিয়োগকারীদের একজন নজরুল ইসলাম জানান, তারা পুঁজিবাজারে চাঙ্গাভাব ফিরিয়ে আনতে পদক্ষেপ নিতে বলেছেন। পুঁজিবাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত লেনদেন বন্ধ রাখার দাবি জানান তারা। তারা রোববার ও সোমবারের লেনদেন বাতিলেরও অনুরোধ জানান।

বৈঠক শেষে কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান সাংবাদিকদের জানান, বিনিয়োগকারীরা কিছু দাবি দাওয়া নিয়ে এসেছে। তাদের দাবিগুলো বিবেচনা করে দেখা হবে।

এর আগে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশীদ চৌধুরী কয়েকজন বিনিয়োগকারীকে সঙ্গে নিয়ে বেলা ১২ টার দিকে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে যান। তিনি এসইসির সদস্য আরিফ খানের সাথে দেখা করে পুঁজিবাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত লেনদেন বন্ধ রাখার দাবি জানান।

পুঁজিবাজার স্বাভাবিক করতে এসইসিকে আরও পদক্ষেপ নিতে বলেন তিনি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ করে আরেক দল বিনিয়োগকারী।

তারা রাস্তায় অবস্থান নেওয়ায় বেলা ১২টার পর ডিএসই -এর সামনের দুই দিকের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। কয়েকজন বিক্ষোভকারী শার্ট খুলে তাতে আগুন ধরিয়ে দেয়। দুপুর তিনটার দিকে রাস্তা থেকে বিনিয়োগকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

ঈদের ছুটির পর পুঁজিবাজারে চাঙ্গাভাব থাকবে-বিনিয়োগকারীরা এমন আশা করলেও রোববার সপ্তাহের প্রথম দিনও ব্যাপক দরপতন হয়েছে দেশের দুই পুঁজিবাজারে।

হাইকোর্টে গিয়ে বিফল টেলিযোগাযোগমন্ত্রীর ভাই বাচ্চু

Posted by methun

নরসিংদীর পৌর মেয়র লোকমান হত্যা মামলার আসামি টেলিযোগাযোগমন্ত্রীর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুসহ তিন জনের আগাম জামিন আবেদন ফেরত দিয়েছে হাইকোর্ট।

সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে ওই আবেদনের ওপর শুনানি শেষে তা নামঞ্জুর করে ফেরত পাঠানো হয়।

জামিন চাওয়া অপর দুই আসামি হলেন- টেলিযোগাযোগমন্ত্রীর এপিএস মুরাদ আহমেদ ও নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন।

এর আগে রোববার এই তিন জন জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

জামিন আবেদনের শুনানিতে আসামিপক্ষে অ্যাডভোকেট আনিসুল হক এবং সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম অংশ নেন।

গত ১ নভেম্বর রাতে নরসিংদী আওয়ামী লীগ কার্যালয়ে মুখোশধারীদের গুলিতে নিহত হন দলটির শহর কমিটির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন। এর ৪৮ ঘণ্টা পর টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ছোট ভাই বাচ্চুসহ ১৪ জনকে আসামি করে মামলা করেন নিহতের ছোট ভাই কামরুজ্জামান।

'আপনাদের উচিত ছিল আত্মসমর্পণ করা'

আসামিদের ৩০ দিনের জন্য জামিন চেয়ে অ্যাডভোকেট আনিসুল হক আদালতকে বলেন, "পরিস্থিতি খারাপ না হলে আমরা এখানে আসতাম না। আমাদের জীবনের ভয় আছে বলেই আদালতের শরণাপণœ হয়েছি।"

এ সময় আদালত বলে, "একজন জনপ্রিয় মেয়রকে এভাবে মেরে ফেলা হলো। আপনাদের উচিত ছিলো নিম্ন আদালতে আত্মসমর্পণ করা। কিন্তু তা না করে সরাসরি হাইকোর্টে চলে আসলেন। এ ধরনের হত্যা মামলায় জামিন দিলে আরেকটি পরিস্থিতির সৃষ্টি হবে।

"আমরা চেষ্টা করেছি। কিন্তু জামিন দিতে পারলাম না। আমরা বিবেকের কাছে বন্দি। আবেদনটি নিয়ে যেতে পারেন। জামিন দেওয়া হলে একটি খারাপ নজির স্থাপিত হবে।"

তখন আনিসুল হক বলেন, "পুলিশ ধরে নেওয়ার পর পরিস্থিতি অন্য রকম হতে পারে। আমাদের ওপর নির্যাতন হতে পারে। এজন্যই আদালতে এসেছি।"

জবাবে আদালত বলে, "দেশে তো এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। আপনারা চাইলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিই। নিরাপত্তা দিয়ে নিয়ে যাবে।"

জামিন আবেদনের বিরোধিতা করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম বলেন, এ রকম একটি স্পর্শকাতর হত্যা মামলায় আদালত জামিন দিতে পারেন না। মেয়র লোকমান হোসেন মারা যাওয়ার আগে ষড়যন্ত্রকারীদের নাম বলে গেছেন বলে এফআইআরএ উল্লেখ করা হয়েছে।

অবশ্য পরে আনিসুল হক সাংবাদিকদের কাছে দাবি করেন, "আদালত আমাদের আবেদন খারিজ করেনি। আমরা আবেদনটি ফিরিয়ে নিয়েছি।"

এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

জ্বালানি তেলের দাম বাড়ানোয় বিক্ষোভ কর্মসূচি বিএনপির

Posted by methun

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সারাদেশে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন। বিএনপি বলছে, তেলের দাম বৃদ্ধির প্রভাবে নিত্যপণ্যের দাম বাড়বে।

কর্মসূচির মধ্যে আছে- মঙ্গলবার জেলায় জেলায় এবং বুধবার বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

গত ১০ নভেম্বর প্রতি লিটার ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল ও ফার্নেস অয়েলের দাম পাঁচ টাকা করে বাড়ায় সরকার।

ফখরুল বলেন, "আন্তর্জাতিক বাজারে যেখানে তেলের দাম কমছে, সেখানে সরকার গত ছয় মাসে তিন বার তেলের দাম বাড়িয়েছে। আমরা মনে করি, তাদের ব্যর্থতায় দেশের অর্থনীতি সঙ্কটে পড়ায় এভাবে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য, পরিবহন ব্যয় বেড়ে জনদুর্ভোগ বাড়বে।"

তেলের বর্ধিত দাম প্রত্যাহার না করা হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

রোববার রাতে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বিক্ষোভ কর্মসূচি চূড়ান্ত করে বিএনপি।

ভর্তুকি কমাতে তেলের দাম বৃদ্ধির সরকারি যুক্তি প্রত্যাখ্যান করে ফখরুল বলেন, "আমরা জানি, আমাদের কর্মসূচিতে সরকারের টনক নড়বে না। তারপরও এসব কর্মসূচি দিয়ে সারাদেশের জনগণকে আমরা সম্পৃক্ত করবো আন্দোলনে। এরপর বৃহত্তর কর্মসূচি দেবো।"

নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদের ঘোষিত কমসূচি ছাড়াও মাসব্যাপী সাংগঠনিক কর্মসূচিও ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

কর্মসূচির মধ্যে রয়েছে- ১৭ নভেম্বর মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন, ১৯ নভেম্বর দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী পালনে কেন্দ্রীয়ভাবে এবং ২০ নভেম্বর দেশব্যাপী আলোচনা সভা, ২৭ নভেম্বর শহীদ ডা. মিলন দিবস পালন, ৬ ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের পতন দিবস পালন।

এছাড়া বিজয় দিবস উপলক্ষে বিএনপি কেন্দ্রীয়ভাবে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করবে। এজন্য দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়।

যুদ্ধাপরাধ: বান কি মুনকে নালিশ খালেদার

Posted by methun

'৭১-এর মানবতাবিরোধী অপরাধ বিচারে গঠিত ট্রাইব্যুনালের 'ক্রটি' নিয়ে জাতিসংঘ মহাসচিবকে লিখিত অভিযোগ জানিয়েছেন খালেদা জিয়া।

সফররত জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে সাক্ষাতে সোমবার সন্ধ্যায় এই অভিযোগ করেন তিনি।

এ সময় সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে জাতিসংঘকে ভূমিকা রাখার অনুরোধ জানান খালেদা।

তাদের ৪৫ মিনিটের বৈঠক শেষে বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।

রাজধানীতে হোটেল সোনারগাঁয়ের ৮তম তলায় প্রেসিডেন্ট স্যুইটে এই বৈঠক হয়।

জাতিসংঘের মহাসচিব পদে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ায় বান কি মুনকে অভিনন্দন জানান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

সন্ধ্যা ৬টা ২০ মিনিট থেকে ৪৫ মিনিট স্থায়ী এই বৈঠকে জাতিসংঘের ভূমিকা, শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের সেনাদের সর্বাধিক অংশগ্রহণ, বাংলাদেশের গণতন্ত্র ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিষয়ে আলোচনা হয়।

রোববার তিনদিনের সফরে বান কি মুন ঢাকায় আসেন।

সাক্ষাতের সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।

যুদ্ধাপরাধ বিচার

বৈঠকে বান কি মুন বাংলাদেশে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম সম্পর্কে খালেদা জিয়ার মতামত জানতে চান বলে জানান শমসের মবিন।

তিনি বলেন, "বান কি মুন বেগম জিয়াকে বলেছেন, 'এই বিচার অবশ্যই আন্তর্জাতিক মান সম্পন্ন হতে হবে।'"

"জবাবে খালেদা জিয়া বলেন, 'আমরা চাই মানবতাবিরোধী অপরাধের বিচার হোক। তবে বিচারের নামে অবিচার কিংবা প্রহসন যেন না হয়। বিচারপ্রার্থীরা যাতে সুবিচার পান তা নিশ্চিত করতে হবে। কিন্তু র্র্বতমান ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মান সম্পন্ন নয়।"

শমসরে মবিন জানান, খালেদা জিয়া ট্রাইব্যুনালের বিভিন্ন কারিগরি ও আইনগত 'ত্র"টি' লিখিতভাবে জাতিসংঘ মহাসচিবকে জানান।

ট্রাইব্যুনালের 'ক্রটি' বিষয়ে প্রশ্ন করা হলে শমসের মবিন বলেন, "এই ক্রুটির মধ্যে আছে- অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনে সুযোগ সুবিধার বিষয়গুলো; যেমন বিবাদীর কৌঁসুলি, বিশেষ করে বিদেশি কৌঁসুলি আনার সুযোগ দেওয়া হচ্ছে না। এছাড়া আরো ক্রটি তুলে ধরেছেন তিনি (খালেদা জিয়া)।"

বিএনপির রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামির নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের জন্য গত ৩ অক্টোবর অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জামায়াতের আরো চার শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা যুদ্ধাপরাধের অভিযোগে আটক রয়েছেন।

যুদ্ধাপরাধের অভিযোগে আটক বিএনপিনেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপনে সোমবার ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন দল। এছাড়া জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমকে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করা হলেও তিনি শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।

নির্বাচনে সব দলের অংশ গ্রহণ

শমসের মবিন বলেন, "খালেদা জিয়া জাতিসংঘের মহাসচিবকে বলেছেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল হওয়ায় দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়েছে।"

"ভোটারদের ভোট নিশ্চিত করার এখন কোনো উপায় নেই। এতে গণতন্ত্র ব্যাহত হবে। এ জন্য জাতিসংঘকে ভূমিকা রাখতে হবে।"

আগামী নির্বাচনে যদি বড় বড় রাজনৈতিক দল অংশ না নেয় তাহলে ওই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না বলেও জাতিসংঘ মহাসচিবকে বলেন খালেদা জিয়া।

শমসের মবিন বলেন, "জবাবে বান কি মুন বলেছেন, 'আপনার (খালেদা জিয়া) বক্তব্য আমি নোট করেছি।' সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পরিবেশ যেন তৈরি করা যায়- সে ব্যাপারে তিনি তার প্রচেষ্টা অব্যাহত রাখবেন।"

গত ৩০ জুন পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়। এর আগে সর্বোচ্চ আদালতও এ ব্যবস্থা অবৈধ ঘোষণা করে।

এ ব্যবস্থা বাতিলের বিরোধিতা করে আসা বিএনপি ব্যবস্থাটি পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।

অটিস্টিক শিশুদের সাহায্যের আশ্বাস ইউ (বেন) সুন-তায়েকের

Posted by methun

অটিস্টিক শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করায় গুরুত্ব দিয়ে এক্ষেত্রে সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুনের স্ত্রী ইউ (বেন) সুন-তায়েক।

সোমবার তিনি বলেন, যথাযথ শিক্ষা ও প্রশিক্ষিত শিক্ষক না থাকায় অটিস্টিক শিশুদের সঙ্গে ঠিকমতো আচরণ করা হয় না।

অটিস্টিক শিশুদের প্রতি আরো যতœবান হওয়ার আহ্বান জানান তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক অনুষ্ঠানে কথা বলছিলেন ইউ (বেন) সুন-তায়েক।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, আজকের এই দিনটি বিএসএমএমইউ তে ' ইউ (বেন) সুন-তায়েক দিবস' হিসেবে পালন করা হবে।

অটিজম আক্রান্ত শিশুদের জন্য জাতিসংঘের আরো সহায়তাও চান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. মোদাচ্ছের আলী বলেন, জাতিসংঘের সহায়তায় শুধুমাত্র বাংলাদেশের অটিস্টিক শিশুরাই লাভবান হবে না, অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের ফলে তা গোটা অঞ্চলের অটিস্টিক শিশুদের জন্যও কল্যাণকর হবে।

ইউ (বেন) সুন-তায়েককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের 'অনারারি ফ্যাকাল্টি' হিসেবে সম্মানিত করার প্রস্তাবও দেন ডা. মোদাচ্ছের আলী।

এর আগে ইউ (বেন) সুন-তায়েক অটিস্টিক শিশুদের স্কুল 'খেলাঘর' পরিদর্শন করেন।

অটিস্টিক শিশুদের বাবা-মা, বিএসএমএমইউ'র সেন্টার ফর নিউরো ডেভেলপমেন্ট অটিজম ইন চিলড্রেন এবং গ্লোবাল অটিজম পাবলিক হেলথ বাংলাদেশ এ অনুষ্ঠান আয়োজন করে।

২১ অগাস্ট মামলা: আবদুর রহিমের অব্যাহতির শুনানি শেষ

Posted by methun

২১ অগাস্ট গ্রেনেড হামলার দুই মামলায় এনএসআই'র সাবেক প্রধান বিগ্রেডিয়ার জেনারেল আবদুর রহিমসহ দুই আসামির পক্ষে অব্যাহতির আবেদন শুনানি শেষ হয়েছে।

রোববার শুনানি শেষে ঢাকার নাজিম উদ্দিন সড়কের বিশেষ এজলাসে বসে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন অন্য আসামিদের পক্ষে অব্যাহতির আবেদন শুনানির জন্য আগামি ১৭ নভেম্বর দিন রাখেন।

আবদুর রহিমের পক্ষে অ্যাডভোকেট আহসানউল্লাহ মামলার অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে বাকি শুনানি শেষ করেন।

এ আইনজীবী বলেন, আবদুর রহিম ঘটনার সময়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

আগের দিনের শুনানিতে এ আইনজীবী বলেছিলেন, মুফতি হান্নানকে নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবান্দ নিয়ে আবদুর রহিমের নাম এ মামলায় আনা হয়।

এদিন আরেক আসামি আরিফ হাসান সুমনের অব্যাহতির আবেদনেরও শুনানি শেষ হয়।

সুমনের আইনজীবী আমিনুল গণী টিটো আদালতকে বলেন, কোনো তদন্ত কর্মকর্তা এ মামলার সঠিক তদন্ত করতে পারেননি। আগের তদন্ত কর্মকর্তার উল্লেখ করা ৪শ ৮ সাক্ষী এবং পরের অভিযোগপত্রে কোনো সাক্ষীই সুনির্দিষ্টভাবে আরিফ হাসান সুমনকে সম্পৃক্ত করেননি।

এ আইনজীবী বলেন, "সুমন তার ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ২০০০ সালে আহমদিয়া কাদিয়ানি মসজিদে বোমা হামলার পরিকল্পনার কথা শুনেছিল বলে জানায়। কিন্তু ২১ অগাস্টের হামলার ষড়যন্ত্র সম্পর্কে সে শুনেছিল বলে কোনো কথাই সে উচ্চারণ করেনি। সে কোনো জঙ্গি দলের সদস্য কি না এ ব্যাপারে অভিযোগপত্রে কোনো কথা উল্লেখ নেই।"

এ দুই মামলায় অভিযোগ গঠনের কার্যক্রমে আসামিদের অব্যাহতির আবেদন শুনানি চলছে নাজিমউদ্দিন রোডের বিশেষ এজলাসে।

রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমানের সহকারী আইনজীবী আকরাম উদ্দিন শ্যামিল  জানান, এ নিয়ে মোট ১১ আসামির অব্যাহতির আবেদন শুনানি শেষ হলো।

এই মামলার ১২ আসামি অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেন। এরা হলেন- পুলিশের সাবেক আইজি খোদা বখশ চৌধুরী, পাকিস্তানি নাগরিক আবদুল মাজিদ ভাট, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ডিউক, হরকাতুল জিহাদের নেতা শেখ আবদুস সালাম, আবদুল হান্নান ওরফে সাব্বির, হাফেজ ইয়াহিয়া, মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মো. মামুন, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এনএসআই'র সাবেক প্রধান আব্দুর রহিম ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুস সালাম পিন্টু।

৯ অক্টোবর বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩০ জন আসামির বিরুদ্ধে ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্রপক্ষে অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষ হয়।

এই মামলার প্রথম ও সম্পূরক অভিযোগপত্রের কারাবন্দি ৩২ আসামিকে কড়া নিরাপত্তায় বিশেষ এজলাসে হাজির করা হয়।

সম্পূরক অভিযোগপত্রে অভিযুক্ত ৩০ জনের মধ্যে তারেক রহমান, ডিউক, হারিছ চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ১২জন পলাতক রয়েছেন। আর ১৭ জন কারাগারে রয়েছেন। এছাড়া আরেক আসামি ঢাকার ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরিফুল ইসলাম ওরফে আরিফ জামিনে আছেন।

২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা হয়। দলীয় প্রধান শেখ হাসিনা আহত হয়ে প্রাণে বেঁচে গেলেও বর্তমান রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন ওই ঘটনায় নিহত হন। আহত হয় বহু নেতা-কর্মী।

দশ ট্রাক অস্ত্র: অভিযোগ গঠন শুনানি সোমবার

Posted by methun

আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় মতিউর রহমান নিজামী, লুৎফুজ্জামান বাবরসহ সম্পূরক অভিযোগপত্রভুক্ত আসামিদের বিরুদ্ধে সোমবার অনুষ্ঠিত হবে অভিযোগ গঠনের শুনানি।

চট্টগ্রাম মহানগর দায়রা এবং সিনিয়র বিশেষ জজ-১ এর বিচারক জজ এস এম মজিবুর রহমানের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবে।

এদিন জাতীয় নিরাপত্তা গায়েন্দা সংস্থা-এনএসআই'র সাবেক উপ-পরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন ও চোরাচালানি দীন মোহাম্মদের জামিনের শুনানিও অনুষ্ঠিত হওয়ার তারিখ রয়েছে।

চট্টগ্রাম মহানগর পিপি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন রোববার  বলেন, "সোমবারই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা যাবে বলে আশা করছি। রাষ্ট্রপক্ষ এ জন্য প্রস্তুত রয়েছে।"

গত ২৫ অক্টোবর মহানগর দায়রা জজ শেষবারের মতো আসামিপক্ষের আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার শুনানির জন্য নতুন দিন নির্ধারণ করেন।

কামাল উদ্দিন জানান, আসামিদের অন্যান্য আবেদনের ওপরও সোমবার শুনানি অনুষ্ঠিত হবে। এ জন্য সোমবার সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্যান্য আসামিদের আদালতে হাজির করানো হবে।

২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়। ওই ঘটনায় কর্ণফুলী থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা করে। তদন্তের পর তৎকালীন তদন্ত কর্মকর্তা একটি অভিযোগপত্র আদালতে জমা দেন।

বেশকয়েকবার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের পর সিআইডি'র সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী গত জুনে সম্পূরক অভিযোগপত্র জমা দেন। এতে নিজামী, বাবর ও এনএসআইয়ের সাবেক দুই প্রধানসহ নতুন ১১ জনের নাম আসামির তালিকায় যোগ করা হয়। এদের মধ্যে সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমিন ও উলফানেতা পরেশ বড়–য়া পলাতক রয়েছেন।

তালাক পাওয়া সেই বরের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বা

Posted by methun

যৌতুক চেয়ে বিয়ের আসরে তালাক পাওয়া বর শওকত আলী খান হীরণ ও তার ফুফুর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

পটুয়াখালী জেলা প্রশাসক গোলাম মো. হাসিবুল আলম  বলেন, "কেউ যৌতুক দাবি করতে পারে না। যৌতুক দাবি করা অন্যায়।"

হীরণ পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কলাপাড়া পৌরসভার মাদরাসা রোডের বাসিন্দা শাহ আলম খানের ছেলে শওকত বরিশাল বিএম কলেজ থেকে øাতকোত্তর পাস করেন।

যৌতুক চাওয়া বরের ফুফু তাহমিনা বেগম কলাপাড়া সদরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

শুক্রবার বিয়ের প্রীতিভোজ শেষে বরের হাতে মেয়েকে তুলে দেওয়ার সময় বরের ফুফু যৌতুক চান কনের বাবার কাছে। এর প্রতিবাদে কনে ফারজানা ইয়াসমিন বিয়ের আসরেই বরকে তালাক দেন।

যৌতুক চাওয়ায় বিয়ের আসরে বরকে তালাক দেওয়ার খবরটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যাপক আলোচনা হয়।

ঢাকার ইডেন কলেজ থেকে সমাজকল্যাণে প্রথম শ্রেণীতে øাতকোত্তর পাস করা ফারজানা বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কালিপুরা গ্রামের খলিলুর রহমানের মেয়ে। ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত রয়েছেন ফারজানা।

বিয়ে ভেঙে যাওয়ায় শওকতের বাবা কলাপাড়ায় এবং ফারজানার বাবা আমতলী থানায় সাধারণ ডায়েরি করেছেন।

ভারতে আরো ১৫ পণ্যের শুল্কমুক্ত প্রবেশ

Posted by methun

বাংলাদেশের দাবি করা ৬১টি পণ্যের সবগুলোরই ভারতে শুল্কমুক্ত প্রবেশ নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে সরকার।

বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ওমর ফারুক দেওয়ান রোববার সাংবাদিকদের জানান, ভারতের বাজারে বাংলাদেশি ১৫টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার সংক্রান্ত প্রজ্ঞাপন সে দেশের সরকার গত ৯ নভেম্বর জারি করেছে।

এর আগে গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরে ৪৬টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পায় বাংলাদেশ।

নতুন করে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়া পণ্যগুলো হচ্ছে- সুপারি, টয়লেট বা ফেসিয়াল টিস্যু পেপার, প্লাস্টিকের মনোফিলামেন্ট, আলু, পরিশোধিত নারকেল তেল, প্রিন্টেড পেপার বা পেপার বোর্ড লেবেল, লুব্রিকেটিং অয়েল, সিআর কয়েল, সিআই শিট বা ঢেউটিন, জিপি শিট, আয়রন বার (রড), এসএস বার (রড), আয়রন এঙ্গেল, শেপ ও সেকশন এবং গবাদি পশুর হাড়।

বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফারুক জানান, ৯ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ভারত 'সাফটা স্পর্শকাতর তালিকা (সেনসিটিভ লিস্ট)' ৪৮০ থেকে হতে কমিয়ে মাত্র ২৫টি করেছে। এতে বাংলাদেশের দাবি করা ৬১টি পণ্যের সবগুলোই ভারতে শুল্ক মুক্ত সুবিধা পেলো।

এখন ভারতের স্পর্শকাতর তালিকায় শুধু বিভিন্ন প্রকার মদ, পানীয় এবং তামাকজাতীয় ১৪টি পণ্য রয়েছে।

বাংলাদেশ ইতোপূর্বে ৪৬টি তৈরি পোশাক পণ্যসহ (আরএমজি) মোট ৬১টি পণ্যকে শুল্ক মুক্ত সুবিধা দেওয়ার জন্য ভারতকে অনুরোধ জানিয়ে আসছিলো।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২০১০-১১ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিলো ৪ হাজার ৭৪ মিলিয়ন ডলার। এ সময় বাংলাদেশ ৪ হাজার ৫৮৬ মিলিয়ন ডলারের পণ্য আমদানি এবং ৫১২ মিলিয়ন ডলারের পণ্য ভারতে রপ্তানি করে।

সদ্য পাওয়া শুল্কমুক্ত সুবিধা ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করবে এবং দুই দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনবে বলে মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়।

দুই দেশের বাণিজ্য ঘাটতি সম্পর্কে মনমোহনও তার সফরের সময় বলেছিলেন, "দুই দেশের বাণিজ্য ভারসাম্য বিষয়ে ভারত পূর্ণ সচেতন রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ৪৬টি পণ্যকে ভারতে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত।"

ঢাকায় বান কি মুন

Posted by methun

তিন দিনের সফরে ঢাকা পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

রোববার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্প্রচারের বিভাগ মহাপরিচালক শামীম আহসান  এ কথা জানান।

বাংলাদেশ সফরের পর থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া সফর করবেন জাতিসংঘ মহাসচিব।

বাংলাদেশে এটা বান কি মুনের দ্বিতীয় সফর। এর আগে ২০০৮ সালের নভেম্বরে দুই দিনের জন্য বাংলাদেশে এসেছিলেন তিনি। বান কি মুনের আগে জাতিসংঘের মহাসচিব হিসেবে কুর্ট ওয়াল্ডহেইম, জেভিয়ের পেরেজ ডে কুয়েলার ও কফি আনান বাংলাদেশ সফর করেন।

নারী ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে ২০১০ সালে বিশ্বব্যাপী শুরু জাতিসংঘের উদ্যোগে শুরু হওয়া 'এভরি উইমেন এভরি চাইল্ড' কর্মসূচির প্রেক্ষিতে এসব দেশে নারী ও শিশু স্বাস্থ্যে সেবার অগ্রগতি পর্যবেক্ষণ বানের এ সফরের অন্যতম উদ্দেশ্য। সরকারি, বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠান এবং সুশীল সমাজের যৌথ অংশগ্রহণের মাধ্যমে নারী ও শিশুস্বাস্থ্যের উন্নয়ন এ কর্মসূচির লক্ষ্য।

বাংলাদেশ সফরে বান কি মুন মৌলভীবাজারের একটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করবেন। এখানে সরকারিভাবে কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের প্রসূতি সেবা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সরকার ও বেসরকারি সংস্থা ব্রাকের যৌথ উদ্যোগে পরিচালিত একটি প্রকল্পও পরিদর্শন করবেন জাতিসংঘ মহাসচিব। ক্ষুদ্রঋণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন তার স্বাস্থ্যক্ষেত্রে কী প্রভাব পড়ে তা তুলে ধরা এ প্রকল্পের উদ্দেশ্য।

সফরে আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর'বি) পরিদর্শন করবেন বান কি মুন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেইনিং (বিআইপিএসওটি) পরিদর্শন করে জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।

দায়িত্ব পালনের সময় যেসব শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের সঙ্গেও তার দেখা করার কথা।

জাতিসংঘ মহাসচিব বান কি মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য দেবেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মানসূচক ডিগ্রি দেওয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি জিল্লুর রহমান, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে দেখা করবেন বান কি মুন। নারী ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করে এমন বেসরকারি প্রতিষ্ঠানের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

বাংলাদেশে ব্যস্ত সময় কাটিয়ে থাইল্যান্ড যাবেন বান। সফরের শেষ পর্যায়ে ইন্দোনেশিয়া যাবেন তিনি।

বালিতে জাতিসংঘ ও অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্সের (আসিয়ান) চতুর্থ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে এ সফরের সমাপ্তি টানবেন বান কি মুন। ২০ নভেম্বর নিউ ইয়র্কে ফিরবেন তিনি।

লোকমান হত্যা: 'সন্দেহভাজন' যুবক গ্রেপ্তার

Posted by methun

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলার গোপীনাথপুর এলাকা থেকে টিপন কাজী (৩০) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানান নরসিংদী সদর গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ মোল্লা।

লোকমান হত্যামামলার এজাহারভুক্ত আসামি নন টিপন।

এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর  জানান, লোকমান হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে- এ সন্দেহে টিপনকে মোবাইল ট্র্যাক করে গোপালগঞ্জের গোপীনাথপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

"তিনি নরসিংদী শহরের শাটিরপাড়া এলাকার বাসিন্দা ও চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।"

মামুনুর জানান, টিপনকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আটক রাখা হয়েছে। সোমবার তাকে আদালতে তোলা হবে।

 শনিবার ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরিফপাড়া গ্রামের আনোয়ার কাজির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আনোয়ার সম্পর্কে টিপনের চাচা।

টিপনকে গ্রেপ্তারের সময় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত হালদার উপস্থিত ছিলেন।

গত ১ নভেম্বর নরসিংদীর পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান মুখোশধারীদের গুলিতে নিহত হন। এর পরপরই ঢাকায় গ্রেপ্তার করা হয় নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকনকে।

হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পর নরসিংদী সদর থানায় একটি মামলা করেন লোকমানের ছোট ভাই মো. কামরুজ্জামান। মামলায় ১৪ জনকে আসামি করা হয়। এদের অধিকাংশই আওয়ামী লীগ নেতা-কর্মী।

হত্যাকাণ্ডের রাতেই নরসিংদী সার্কিট হাউজ ও রেলস্টেশনে ভাংচুর হয়। পরদিন একটি ট্রেনে আগুন দেওয়া হয়। এ দুটি মামলার আসামি বিএনপি নেতা খোকন দুই মামলায় জামিন পেয়েছেন।

'তিস্তা চুক্তির জন্য জাতীয় ঐকমত্য সৃষ্টিতে কাজ করবো'

Posted by methun

তিস্তার পানিবণ্টন চুক্তি না হওয়ার দুই মাস পর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, এ বিষয়ে একটি 'বাস্তবসম্মত' সমাধানে পৌঁছাতে একটি 'জাতীয় ঐকমত্য' চান তিনি।

শনিবার মালদ্বীপ থেকে ফেরার পথে বিমানে তিনি সাংবাদিকদের একথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে মনমোহনের আলোচনার লিখিত খসড়ায় বলা হয়, "তিস্তা সংকট নিয়ে আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি বলেছি, বাস্তবসম্মত একটি চুক্তি যাতে হয় সেজন্য জাতীয় ঐকমত্য সৃষ্টিতে আমরা কাজ করবো।"

মালদ্বীপের আদ্দুতে অনুষ্ঠিত দুদিনব্যাপী সপ্তদশ দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থাা (সার্ক) শীর্ষ সম্মেলনের ফাঁকে ১০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন মনমোহন।

ওই বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছিলেন, তিস্তার পানিবণ্টন নিয়ে 'যতো দ্রুত সম্ভব' অন্তবর্তীকালীন চুক্তি হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং।

গত ৬ ও ৭ সেপ্টেম্বর মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তিতে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। মমতার অভিযোগ ছিল, চুক্তির খসড়া তাকে দেখানো হয়নি।

দৃশ্যতঃ এই প্রেক্ষিতেই দুই দেশের মধ্যে ট্রানজিটের সম্মতিপত্র বিনিময়ের বিষয়টিও স্থগিত করে বাংলাদেশ।

স্থলসীমান্ত

মনমোহন সিং বলেন, স্থলসীমান্ত চুক্তি কার্যকর করতে তার সরকার সংবিধান সংশোধনের লক্ষ্যে কাজ করছে।

"স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের রোড ম্যাপ নিয়ে শেখ হাসিনা ও আমি পর্যালোচনা করেছি। আমরা একটি সমাধানে পৌঁছেছি। "কিন্তু তার জন্য সংবিধান সংশোধন প্রয়োজন। আমরা এটা শেষ করবো।"

১৯৭৪ সালে ভারত ও বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি (এলবিএ) স্বাক্ষর করে এবং মনমোহনের সেপ্টেম্বরের সফরে ওই চুক্তি সংশ্লিষ্ট একটি প্রটোকলে সই হয়।

বাংলাদেশ ওই চুক্তি অনুমোদন করলেও ভারত এখনো তা করতে পারেনি।

চুক্তির অনুযায়ী, কেবল অনুমোদনের পরেই এটা কার্যকর হবে।

পার্বত্য শান্তিচুক্তি বান কি মুনের বিশেষ 'নজর' চায় সিএইচটি কমিশন

Posted by methun

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের বিষয়টি সরকারের কাছে উত্থাপন করতে সফররত জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানিয়েছে সিএইচটি কমিশন।

বেসরকারি এ সংগঠনটি মনে করে, বাংলাদেশ সফরে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের যেসব বিষয়ে বিশেষ 'নজর' দেওয়া উচিত সেগুলোর একটি ১৯৯৭ সালে স্বাক্ষর হওয়া পার্বত্য শান্তিচুক্তি।

তিন দিনের সফরে রোববার সন্ধ্যায় ঢাকা পৌঁছান জাতিসংঘ মহাসচিব।

এদিনই এক ইমেইল বার্তায় সিএইচটি কমিশন বলে, আওয়ামী লীগ সরকারের আগের মেয়াদে স্বাক্ষরিত এ চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের কথা দলটির ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে ছিল।

তবে সরকার এখন পর্যন্ত চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কোনো রোড ম্যাপ তৈরি করতে পারেনি উল্লেখ করে বার্তাটিতে বলা হয়, চুক্তির অনেক বিষয়ই পুরোপুরি বা আংশিক বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।

ভূমি সমস্যা, সেনা প্রত্যাহার এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা ক্রমশ 'কমতে থাকাকে' চুক্তির সবচেয়ে 'গুরুত্বপূর্ণ' অংশ বলে ওই বার্তায় চিহ্নিত করা হয়।

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় ১১টি আদিবাসী গোষ্ঠী রয়েছে।

১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে হওয়া শান্তি চুক্তির মধ্য দিয়ে ওই এলাকায় পাহাড়ি ও সেনাবাহিনীর মধ্যে কয়েক দশকের সংঘাতের অবসান ঘটে।

কমিশনের রোববারের ইমেইলে গত মে মাসে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের দশম অধিবেশনে ফোরামের সাবেক সদস্য লার্স-অ্যান্ডার্স বেয়েরের প্রস্তাবিত সুপারিশের কথাও উল্লেখ করা হয়।

পার্বত্যাঞ্চলে সেনাবাহিনীর উপস্থিতির প্রসঙ্গ টেনে বেয়েরের দুটি সুপারিশ তুলে ধরা হয় বার্তায়- (১) শান্তিরক্ষা মিশনে অন্তর্ভুক্ত করার আগে প্রতিটি দেশের সেনাবাহিনীর মানবাধিকার 'রেকর্ড' খতিয়ে দেখা এবং (২) মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে- বাংলাদেশ সেনাবাহিনীর এমন সদস্যকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া থেকে বিরত রাখা।

সিএইচটি কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আমস্টার্ডাম ভিত্তিক অর্গানাইজিং কমিটি সিএএচটি ক্যাম্পেইন এবং কোপেনহেগেন ভিত্তিক ইন্টারন্যাশনাল ওয়ার্ক গ্র"প ফর ইন্ডিজেনাস অ্যাফেয়ার্স নামের দুটি সংগঠন যৌথভাবে ১৯৯০ সালে চিটাগং হিল ট্র্যাক্টস (সিএইচটি) কমিশন গঠন করে।

এর সদস্যরা হলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, ব্রিটেনের সাবেক এমপি লর্ড এরিক আভবুরি, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এলসা স্টামাটোপৌলৌ, আইনজীবী সারা হোসেন, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের শিক্ষক স্বপন আদনান, লার্স লার্স-অ্যান্ডার্স বেয়ের, মুহম্মদ জাফর ইকবাল এবং নিউ জার্সির প্রিন্সটনের ইন্সটিটিউট ফর অ্যাডভান্সড স্টাডির শিক্ষক মিখায়েল সি. ভন ওয়াল্ট ভন প্রাগ।

জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের সম্মেলনে বেয়েরের প্রস্তাবে ১৯৯৭ সালের পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারকে একটি সময়সীমা এবং রূপরেখা/কার্যপ্রণালী ঘোষণার কথাও উল্লেখ করা হয়েছিল।

এছাড়া প্রস্তাবে চুক্তির শর্ত অনুযায়ী ধীরে ধীরে অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহারের কথা উল্লেখ করা হয়।

সেখানকার ৫০০ অস্থায়ী সেনাশিবিরের মধ্যে ২০০৭ সাল পর্যন্ত প্রথম দফায় ২০০টি প্রত্যাহার করা হয়। এরপর গত বছরের অগাস্ট ও সেপ্টেম্বরে প্রত্যাহার করা হয় আরো ৩৪টি। তবে ছয়টি স্থায়ী সেনানিবাস এখনো সেখানে রয়েছে। অবশ্য বাংলাদেশ সরকারের দেওয়া এ তথ্যের সঙ্গে একমত নন অ্যান্ডার্স বায়ের।

ফোরামের ওই সম্মেলনে একটি আদিবাসী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চাকমা রাজা দেবাশীষ রায়। তিনি জাতিসংঘ ফোরামে ২০১১-১৩ সালের জন্য নির্বাচিত একজন বিশেষজ্ঞ সদস্য।

বাসভাড়া এখনই বাড়ছে না

Posted by methun

জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও যানবাহনের ভাড়া আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।

সচিবালয়ে পরিবহন মালিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে কয়েকদফা বৈঠক শেষে রোববার সন্ধ্যায় তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক খন্দকার এনায়েত উল্যাহ বাস মালিকদের অতিরিক্ত ভাড়া না নেওয়ার অনুরোধ জানান।

ভাড়া নির্ধারণের আগে অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আবুল হোসেন বলেন, "জ্বালানির দাম বাড়ানো হলেও আপাতত গাড়ি ভাড়া বাড়ছে না। ভাড়া নির্ধারণ পরিচালনা ব্যয় বিশ্লেষণ কমিটি বৈঠক করে ভাড়া নির্ধারণ করবে।"

বৈঠকের দিন তারিখ নির্ধারণ করা হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, "যত তাড়াতাড়ি সম্ভব কমিটি বসে এ ব্যাপারে সম্মানজনক প্রস্তাব উপস্থাপন করবে। কমিটির প্রস্তাব উপস্থাপন না করা পর্যন্ত ভাড়া বাড়ানো হবে না।"

গত ১১ নভেম্বর প্রতি লিটার ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল ও ফার্নেস অয়েলের দাম পাঁচ টাকা করে বাড়ানো হয়।

ভাড়া বাড়নো নিয়ে পরিবহন মালিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে রোববার সকালে বৈঠক করেন যোগাযোগমন্ত্রী।

পরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের ভোগান্তি যেন কম হয় সে ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করা হবে।

একই সঙ্গে ভাড়া বাড়ানোর ব্যাপারে বাস মালিক ও শ্রমিক সমিতির দাবি রয়েছে বলেও জানান তিনি।

আবুল হোসেন জানান, বাস মালিক ও শ্রমিক সমিতির নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে রোববারের বৈঠকে টায়ার এবং টিউবের শুল্কহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া পরিবহন খাতকে শিল্প হিসেবে ঘোষণার জন্য অর্থ বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দেওয়া হয়েছে।

এর বাইরে তাদের দাবি অনুযায়ী রাজধানীর ফুলবাড়িয়ায় বাস টার্মিনাল নির্মাণের অনুমোদন দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের কার্যনির্বাহী সভাপতি ও নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খান, পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ, যাত্রী কল্যাণ ফাউন্ডেশন এবং কনজ্যুমারস এ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ গত ১৯ সেপ্টেম্বর বাসের ভাড়া বাড়ানো হয়। ওই হার অনুযায়ী দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ২০ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বড় বাসের ভাড়া ১ টাকা ৬০ পয়সা এবং মিনিবাসের ভাড়া ১ টাকা ৫০ পয়সা।

সচেতনতার অভাবে নিউমোনিয়ায় শিশুমৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী

Posted by methun

স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, শুধু সচেতনতার অভাবেই বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার শিশু নিউমোনিয়ায় মারা যাচ্ছে।

বিশ্ব নিউমোনিয়া দিবসের একদিন আগে শুক্রবার এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নিউমোনিয়া সম্পর্কে সচেতনতাই এসব শিশুদের বাঁচাতে পারে।

"শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দিলে আপনার শিশুকে হাসপাতাল বা চিকিৎসকের কাছে নিন।"

'পরিপ্রেক্ষিত' নামে একটি বেসরকারি সংস্থা রাজধানীতে নিউমোনিয়ার ওপর গণমাধ্যমে প্রতিবেদনের জন্য সাংবাদিকদের পুরস্কার দিতে ওই অনুষ্ঠান আয়োজন করে।

নিউমোনিয়ায় শিশুরা তীব্র জ্বরের পাশাপাশি শ্বাসকষ্টে ভোগে। ব্যাকটেরিয়ার কারণেই সাধারণত এ রোগ হয়ে থাকে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "ফুসফুস সংক্রমণের জন্য প্রয়োজনীয় ওষুধ এখন সব জায়গায় পাওয়া যায় এবং সরকারি হাসপাতালগুলোতে তা বিনামূল্যে সরবরাহ করা হয়।"

"কিন্তু কখন শিশুকে হাসপাতালে নিয়ে যেতে হবে সে বিষয়ে সঠিক জ্ঞান রাখে না বাবা-মা।"

এ বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া তৃণমূল পর্যায়ের মানুষ যারা সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হয় কিন্তু সংবাদপত্র পড়ে না তাদের কাছে পৌঁছানোর উপায় বের করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে নিউমোনিয়ায় সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়। ব্যাপক মাত্রায় অপুষ্টি ও বিশুদ্ধ জীবনযাপনের অভাবে এ রোগ হয়ে থাকে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর ১৮ শতাংশই এ 'প্রাণঘাতী' ফুসফুস ব্যাধিতে হয়ে থাকে। এতে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ৪ অর্জন বাধাগ্রস্ত হচ্ছে। সেখানে ২০১৫ সাল নাগাদ শিশু মৃত্যুর হার হাজারে ৪৮-এ নামিয়ে আনার কথা বলা হয়েছে। বর্তমানে এ হার হাজারে ৬০ আছে।

শিশু রোগ বিশেষজ্ঞরা বলেন, পরিমিত মাতৃ দুগ্ধ পানে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে নিউমোনিয়া সংক্রমণের হার ১৫ থেকে ২৩ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

এছাড়া নিউমোকোক্কাস টিকা এ ব্যকটেরিয়া সংক্রমণ থেকে শিশুকে দূরে রাখতে পারে। কিন্তু এ টিকা সরকারি শিশু টিকাদান কর্মসূচির মধ্যে নেই।

দীর্ঘদিন ধরে সারাদেশে এ টিকা দেওয়ার দাবি চলে আসলেও 'টিকার ওপর নির্ভর না করে বরং সচেতনতা সৃষ্টির' জন্য সবার প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইট আক্রান্ত

Posted by methun

দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইট আক্রান্ত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সুপ্রিম কোর্টের ওয়েব ঠিকানায় (http://www.supremecourt.gov.bd) গিয়ে স্বাভাবিক তথ্য পাওয়া যায়নি। বরং সাইটটি হ্যাক করা হয়েছে- এমন দাবি সম্বলিত বার্তা দেখা যায়।

সাইটে লেখা দেখা যায়: 'ওপস... ইউ গট হ্যাকড'। হ্যাকাররা বাংলাদেশি বলে সাইটটিতে দাবি করা হয়।

সুপ্রিম কোর্টের নিবন্ধক এ কে এম শামসুল ইসলাম বলেন, সকালে সিঙ্গাপুর থেকে একজন তাকে ফোন করে জানায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাক হয়েছে। এ বিষয়ে পরে আরো কয়েকজন ফোন করে একই ধরণের অভিযোগ করে।

তিনি বলেন, "আমি এখনো সাইট খুলে বিষয়টি দেখিনি। তবে বিষয়টি দেখার জন্য আমাদের আইটি বিভাগকে বলেছি।"

এ বিষয়ে সহাকারী নিবন্ধক বদরুল আলম ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করতে বলেন রেজিস্ট্রার।

বদরুল  বলেন, "আমরাও হ্যাক হয়েছে বলে অভিযোগ পেয়েছি। তবে কখন থেকে হ্যাক হয়েছে, কারা করেছে এ ব্যাপারে আমার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।"

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে (www.supremecourt.gov.bd) গিয়ে দেখা যায়, সেখানে "3xp1r3 Cyber Army" লেখা উঠছে। তবে মাঝে মাঝে আবার এই তথ্যটি চলে যাচ্ছে।

সেখানে ইংরেজিতে লেখা ওঠে, "কিছু হ্যাকার বাংলাদেশি সাইট হ্যাক করতে এবং সব তথ্য মুছে ফেলতে চেষ্টা করছে। চিন্তা করো না, কোনো তথ্যই মুছে ফেলা যায়নি। (Some other hacker are trying to hack Bangladeshi sites!! and delete all the data !!Dont worry none of data is deleted!)"

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে ওই পেইজে বলা হয়, "একজন সাংবাদিক, লেখক এবং একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে দেশের প্রতি তোমাদের আরো অনেক দায়িত্ব রয়েছে। তোমরা যাই লেখ না কেন, জনগণ তোমাদেরকে বিশ্বাস করে, আস্থা রাখে এবং অনুসরণ করে। যা কিছুই তোমরা উপস্থাপন করো না কেন, তাকে সত্য হিসেবে মেনে নেয়। কলম এবং ক্যামেরার সাহায্যে তোমরা এমন কিছু করো, যা সাধারণ বাংলাদেশিরা করতে পারে না। (A message to the people connected with Press: As a journalist, as a writer, as a media person You have more responsibility towards Bangladesh, People trust you, believe in you and follow you, what ever you write, what ever you show is taken as a truth, with the power of Pen and cameras you can do what a normal Bangladeshi can't do ..)"

"সুতরাং আমরা তোমাদেরকে অনুরোধ করছি, অপশক্তি নিয়ন্ত্রণ নেওয়ার পূর্বেই তোমরা বাংলাদেশকে রক্ষা করো। সৎ হও, জনগনকে বিভ্রান্ত করো না। (so we request you, save this Bangladesh before Evil powers take the control of it .. Be honest .. don't mislead people ...)"

চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইট আক্রান্ত হয়েছিল। হ্যাকাররা বাংলাদেশি বলে সেসময়ও ওই সাইটে বার্র্তায় দাবি করা হয়।

তেলের দাম বাড়ায় বাজার চড়ছে: ফখরুল

Posted by methun

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার বারবার জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে বাজারে এর বিরূপ প্রভাব পড়ছে।

শনিবার দুপুরে এক সমাবেশে তিনি বলেন, "ইতোমধ্যে শাক-সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে।"

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করার দাবিতে আগামীতে সরকারের বিরুদ্ধে একদফা আন্দোলনে যাওয়ারও ইংগিত দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার জ্বালানি তেলের দাম আবারো বাড়ানোর ঘোষণা দেয় সরকার। প্রতি লিটার ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল ও ফার্নেস অয়েলের দাম পাঁচ টাকা বাড়িয়ে করা হয় যথাক্রমে ৫৬ টাকা, ৫৬ টাকা, ৮৯ টাকা, ৮৬ টাকা ও ৫৫ টাকা। এই সিদ্ধান্ত কার্যকর করা হয় রাত ১২টা থেকেই।

এ নিয়ে গত ছয় মাসে জ্বালানি তেলের দাম তিন দফা বাড়লো।

মির্জা ফখরুল বলেন, "বাংলাদেশকে একটি অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতেই সরকার দেশের অর্থনীতিকে দেউলিয়া করে দিচ্ছে।"

বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবীর খোকনের মুক্তির দাবিতে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সমানে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, "যেখানে আন্তর্জাতিক বাজারে গত ৬ মাস ধরে জ্বালানি তেলের দাম কমছে, সেখানে সরকার দেশে তিন বার দাম বাড়িয়েছে।"

আন্তর্জাতিক বাজারের সঙ্গে তুলনা করলে বাংলাদেশে এভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, জনগণের অর্থ লুট করার জন্যই তারা এভাবে মূল্য বৃদ্ধি করেছে।"

ভাড়ায় চালিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন এবং এসব প্রকল্পের জন্য বিদেশ থেকে আনা ফার্নেস অয়েলের দাম দফায় দফায় বাড়িয়ে ক্ষমতাসীনরা ব্যাপক দুর্নীতি করছে বলেও অভিযোগ করেন আনোয়ার।

তিনি বলেন, "পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতি হয়েছে। এ কারণেই বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করে দিয়েছে। বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে এসব দুর্নীতির বিচার করবে।"

দেশের সবচেয়ে বড় নির্মাণ প্রকল্প পদ্মা সেতুতে অর্থায়নের জন্য চুক্তি করলেও কিছুদিন আগে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে তা স্থগিত করে। অবশ্য সরকার বলে আসছে, এ প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি।

মির্জা ফখরুলের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চেয়ারপার্সনের উপদেষ্টা ওসমান ফারুক, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, স্থানীয় সরকার বিষয়ক সস্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, মহিলা সাংসদ শাম্মী আখতার, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী আবুল বাশার, এস এ খালেক, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, জাসাস সভাপতি এম এ মালেক, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বক্তব্য রাখেন।

মন্ত্রিসভার পুনর্মূল্যায়ন চান সুরঞ্জিত

Posted by methun

আগামী নির্বাচনের বিষয়টি মাথায় রেখে সরকারের এখনই দল, জোট ও মন্ত্রিপরিষদের 'পুনর্মূল্যায়ন' করা উচিৎ বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শনিবার দুপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, "কিছু কিছু নেতার জন্য সরকারের সাফল্য ম্লান হতে বসেছে। অগণিত নেতাকর্মীর আত্মত্যাগের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। তারা অন্য কোনো কিছুর জন্য এই আত্মত্যাগ করেনি।"
"অনেকে বলছেন, সময় শেষ হয়ে এসেছে। আমি বলবো, সময় শেষ হয়নি। এখনো দুই বছর বাকি আছে। আত্মত্যাগী নেতা-কর্মী, দল-জোট এবং কেবিনেটের পুনর্মূল্যায়ন করতে হবে", যোগ করেন সুরঞ্জিত।

মন্ত্রিসভার পুণর্মূল্যায়ন করে দেশের সাধারণ মানুষ ও ভোটারদের আকাঙ্খা পূরণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

'ত্যাগী' নেতাকর্মীদের 'পুনর্মূল্যায়ন' ও মন্ত্রিসভার পুনর্গঠন নিয়ে এর আগেও নিজের 'দুঃখ' প্রকাশ করে গণমাধ্যমে কথা বলেছেন আইন, বিচার এবং সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত। আগে তিনি দলের সভাপতিমণ্ডলিতে নীতি নির্ধারণী ভূমিকায় থাকলেও বিগত কাউন্সিলে তাকে রাখা হয় উপদেষ্টা পরিষদে।

সুরঞ্জিত বলেন, "সংকট অতিক্রম করতে দূরদর্শীতা ও দক্ষ নেতৃত্বের দরকার। আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর (শেখ হাসিনা) এই গুণ আছে। আশা করি, নেত্রী অতীতের মতো এবারো সকল সমস্যা সমাধান করতে সক্ষম হবেন।"

যুদ্ধাপরাধ ও নারায়ণগঞ্জ নির্বাচন

আন্তর্জাতিক মান অনুসরণ করেই যুদ্ধাপরাধের বিচার হচ্ছে উল্লেখ করে সুরঞ্জিত বলেন, "বিশ্বের কোনো দেশে যুদ্ধাপরাধের জামিন হয় না, আমরা তা দিয়েছি। এর চেয়ে উদার কোর্ট বিশ্বে আর কোথাও নাই।"

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণ সৎ মানুষকে চিনতে ভুল করে না।

তার দাবি, "এ নির্বাচন দুটি বড় বিষয় প্রমাণ করেছে। প্রথমত, সেনাবাহিনী ছাড়াও নির্বাচন সুষ্ঠু হয় এবং দ্বিতীয়ত এ নির্বাচন দলীয় সরকারের অধীনে হলেও এতে দলীয় হস্তক্ষেপ হয়নি।"

গত ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান প্রথমে কারচুপির অভিযোগ তুললেও পরে তা প্রত্যাহার করেন।

নির্বাচন কমিশনের নিদের্শনা অনুযায়ী নির্বাচনের আগে সেনা মোতায়েন না হওয়ায় ভোটের আগের রাতে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার।

নারায়ণগঞ্জ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে 'সবচেয়ে সুষ্ঠু নির্বাচন' দাবি তিনি বলেন, "৭০ শতাংশ ভোটার এ নির্বাচনে অংশ নিয়েছে। মানুষ অত্যন্ত আনন্দের সাথে ভোট দিয়েছে।"

'ডাকাতির চেষ্টা', যুবদল নেতা আটক

Posted by methun

ঢাকার সাভারে ডাকাতির চেষ্টার অভিযোগে এক যুবদল নেতাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

শনিবার ভোরে ঘোড়াদিয়া এলাকায় আটক রাকিব আহম্মেদ কাওসার (৩২) সাভার পৌর যুবদলের প্রচার সম্পাদক। তিনি সাভারের চাঁপাইন এলাকার তারা মিয়ার ছেলে।

সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান  জানান, একদল ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় এলাকাবাসী ধাওয়া করে।

এ সময় তারা কাওসারকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে।

যৌতুক চাওয়ায় বিয়ের আসরে বরকে তালাক

Posted by methun

বিয়ের ভোজ শেষে মেয়েকে বরের হাতে তুলে দেওয়ার সময় যৌতুক দাবি করায় তখনই বরকে তালাক দিয়েছেন কনে ফারজানা ইয়াসমিন।

ঢাকার ইডেন কলেজ থেকে সমাজকল্যাণে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর পাস করা ফারজানা বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কালিপুরা গ্রামের খলিলুর রহমানের মেয়ে।

আর বর শওকত আলী খান ওরফে হীরন পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি কলাপাড়া পৌরসভার মাদরাসা রোডের বাসিন্দা শাহ আলম খানের ছেলে।

ফারজানা জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তার সঙ্গে শওকতের বিয়ে হয়। দুপুরে তার বাবার গ্রামের বাড়িতে হয় প্রীতিভোজ। এরপর বিকেল সাড়ে ৫টায় মেয়েকে বরের হাতে তুলে দিতে যান ফারাজনার বাবা।

এ সময় বর শওকতের ফুফু তাহমিনা বেগম অতিথিদের সামনেই কনের বাবার কাছে যৌতুক হিসাবে টিভি, ফ্রিজ, মোটরসাইকেলসহ অন্যান্য সামগ্রী দাবি করেন।

তাহমিনা বেগম কলাপাড়া সদরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

শওকতও এ সময় ফুফুর যৌতুকের দাবিতে সমর্থন দেওয়ায় সেখানেই তাকে তালাক দেন কনে ফারজানা।

আসরে সবার সামনে ফারজানা বলেন, "বিয়ের আসরে যে ছেলে যৌতুক চায়, তাকে জীবনসঙ্গী হিসাবে মেনে নিতে আমার রুচিতে বাঁধে।"

অতিথিরদের তিনি বলেন, "আমি আপনাদের সবার সামনে বলছি- আমি শওকতকে তালাক দিলাম।"

এমন ঘটনায় অতিথিদের সামনে বিব্রতকর অবস্থায় পড়েন বরের আত্মীয়স্বজন। রাত সাড়ে ৯য়টা পর্যন্ত তারা সমঝোতার জন্য দেন-দরবার চালালেও সিদ্ধান্তে অটল থাকেন ফারজানা। শেষ পর্যন্ত ফারজানার পরিবার বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়ে দেয়।

কুণ্ঠিত বরপক্ষ কনে ছাড়াই বিয়ে বাড়ি ছেড়ে বিদায় হয় শেষ পর্যন্ত।

ফারজানা  বলেন "যখন ছাত্রী ছিলাম তখন যৌতুকবিরোধী আন্দোলন করেছি। অন্যদের এর বিরুদ্ধে বুঝিয়েছি। আর আমার বিয়েতেই যৌতুক চাওয়া হলো!"

তার মতো সব মেয়েরই যৌতুকের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া উচিৎ বলে মন্তব্য করেন তিনি।

এ ব্যাপারে শওকত হোসেনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব

Posted by methun

তিন দিনের সফরে ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। রোববার সন্ধ্যায় তার ঢাকা পৌঁছানোর কথা।

ইউনিসেফের এক বিজ্ঞপ্তিতে শনিবার বলা হয়, বাংলাদেশ সফরের পর থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া সফর করবেন জাতিসংঘ মহাসচিব।

নারী ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে ২০১০ সালে বিশ্বব্যাপী শুরু জাতিসংঘের উদ্যোগে শুরু হওয়া 'এভরি উইমেন এভরি চাইল্ড' কর্মসূচির প্রেক্ষিতে এসব দেশে নারী ও শিশু স্বাস্থ্যে সেবার অগ্রগতি পর্যবেক্ষণ বানের এ সফরের অন্যতম উদ্দেশ্য। সরকারি, বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠান এবং সুশীল সমাজের যৌথ অংশগ্রহণের মাধ্যমে নারী ও শিশুস্বাস্থ্যের উন্নয়ন এ কর্মসূচির লক্ষ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সফরে বান কি মুন মৌলভীবাজারের একটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করবেন। এখানে সরকারিভাবে কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের প্রসূতি সেবা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সরকার ও বেসরকারি সংস্থা ব্রাকের যৌথ উদ্যোগে পরিচালিত একটি প্রকল্পও পরিদর্শন করবেন জাতিসংঘ মহাসচিব। ক্ষুদ্রঋণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন তার স্বাস্থ্যক্ষেত্রে কী প্রভাব পড়ে তা তুলে ধরা এ প্রকল্পের উদ্দেশ্য।

রোববার ঢাকায় শুরু হতে যাওয়া ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভায়ও অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব। ওই সভায় অংশ নিতে ইতিমধ্যে জাতিসংঘের ৩২টি সদস্য রাষ্ট্রকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সফরে আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর'বি) পরিদর্শন করবেন তিনি বান কি মুন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেইনিং (বিআইপিএসওটি) পরিদর্শন করে জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।

দায়িত্ব পালনের সময় যেসব শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের সঙ্গেও তার দেখা করার কথা।

জাতিসংঘ মহাসচিব বান কি মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য দেবেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি জিল্লুর রহমান, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে দেখা করবেন বান কি মুন। নারী ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করে এমন বেসরকারি প্রতিষ্ঠানের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

বাংলাদেশে ব্যস্ত সময় কাটিয়ে থাইল্যান্ড যাবেন বান। সফরের শেষ পর্যায়ে ইন্দোনেশিয়া যাবেন তিনি।

বালিতে জাতিসংঘ ও অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্সের (আসিয়ান) চতুর্থ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে এ সফরের সমাপ্তি টানবেন বান কি মুন। ২০ নভেম্বর নিউ ইয়র্কে ফিরবেন তিনি।

'লোকমান হত্যা মামলার আসামিরা শনাক্ত হয়েছে'

Posted by methun

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যায় জড়িতদের শনাক্ত করা হয়েছে- বলেছে পুলিশ।

শনিবার ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (অপরাধ) সাংবাদিকদের বলেন, "লোকমান হত্যা মামলার তদন্ত চলছে। ইতোমধ্যে আসামিদের শনাক্ত করা হয়েছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।"

দুপুরে নরসিংদী পুলিশ সুপারিনটেনডেন্ট কার্যালয় থেকে বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় সেখানে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (তদন্ত) মো. নুরুজ্জামানও উপস্থিত ছিলেন।

পুলিশের এই দুই কর্মকর্তা সকালে নরসিংদী পৌঁছেন।

এ মামলায় রাজনৈতিক প্রভাব আছে কি না- এমন প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, "প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই মামলার তদারকি চলছে।"

গত ১ নভেম্বর রাতে নরসিংদী আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মুখোশধারীদের গুলিতে নিহত হন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন।

হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পর ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন লোকমানের ছোট ভাই মো. কামরুজ্জামান। আসামিদের বেশিরভাগই ক্ষমতাসীন দলের নেতাকর্মী।

এই হত্যাকাণ্ডে জড়িত নন বলে ইতিমধ্যে দাবি করেছেন মন্ত্রীর ভাই সালাউদ্দিন।

এদিকে হত্যাকাণ্ডের রাতেই নরসিংদী জেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকনকে পুলিশ গ্রেপ্তার করলেও তিনি হত্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

এছাড়া হত্যাকাণ্ডের পর সার্কিট হাউজ ও রেলস্টেশনে ভাংচুর মামলায় জামিনও পান তিনি। হত্যাকাণ্ডের পরদিন নরসিংদীতে ট্রেনে আগুন দেওয়ার মামলায় তার জামিনের শুনানি হবে রোববার।

দক্ষিণ আফ্রিকায় এক সপ্তাহে ৫ বাংলাদেশি খুন

Posted by methun

দক্ষিণ আফ্রিকায় চলতি মাসে বিভিন্ন ডাকাতির ঘটনায় কমপক্ষে পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। এদের প্রত্যেককেই হত্যা করা হয়েছে নিজেদের দোকানে।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান বুধবার  জানান, জোহানেসবার্গে ১ নভেম্বর খুন হন আহমেদ নূর ও দিল মোহাম্মদ নামের দুই বাংলাদেশি। একই শহরে মোবারক হোসেইন নিহত হন ৫ নভেম্বর। আর ডারবানে ঈদের রাতে খুন হন মো. শহীদুল্লাহ ও মো. সোহেল।

বর্তমানে প্রায় ৬০ হাজার বাংলাদেশি দক্ষিণ আফ্রিকার বিভিন্ন শহরে বসবাস করছেন। এদের অনেকেই মুদি দোকান, মোবাইল ফোন বা ইলেক্ট্রনিক্সের দোকান চালান। রেস্তোরাঁ ব্যবসার সঙ্গেও জড়িত আছেন কেউ কেউ।

মিজানুর জানান, দুই মাস হলো তিনি ফার্স্ট সেক্রেটারি হয়ে দক্ষিণ আফ্রিকায় গেছেন। এরইমধ্যে ১০ থেকে ১২ জন বাংলাদেশি সেখানে খুন হয়েছেন।

"গত বছর মোট ১৩ জন বাংলাদেশি বিভিন্ন ঘটনায় নিহত হয়েছে এখানে", যোগ করেন এই কর্মকর্তা।

মিজান জানান, আহমেদ নূর ও দিল মোহাম্মদ জোহানেসবার্গে একটি মুদি দোকান চালাতেন। ওই দোকানে অনেক বছর ধরে কাজ করা এক কৃষ্ণাঙ্গই তাদের খুন করে।

ফার্স্ট সেক্রেটারি বলেন, "ঘটনার রাতে তাদের কাছে ৯ থেকে ১০ লাখ টাকা ছিল। সেই কৃষ্ণাঙ্গ কর্মচারী হাতুরি দিয়ে তাদের খুলি ফাটিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়।"

মোবারক হোসেইন খুন হন নিজের মুদি দোকানে ডাকাতি চলার সময় বাঁধা দিতে গিয়ে।

"তিনি ডাকাতদের একজনকে ধরে ফেলেন। কিন্তু ডাকাতটি তার পেট ও মাথায় গুলি করলে ঘটনাস্থলেই মারা যান তিনি", বলেন মিজান।

আর সর্বশেষ সোমবার রাতে ডারবানে নিজেদের দোকানে খুন হন শহীদুল্লাহ ও তার শ্যালক সোহেল।
ফার্স্ট সেক্রেটারি জানান, ১ বা ২ নভেম্বর শহীদের দোকানে ডাকাতি হলে তিনি মামলা করেন। পুলিশ ডাকাতদের একজনকে গ্রেপ্তারও করে। এরপর মঙ্গলবার সকালে দোকানের ভেতরে শহীদুল্লাহ ও সোহেলের রক্তাক্ত লাশ পাওয়া যায়।

"মামলা করার প্রতিশোধ নিতেই তাদের খুন করা হয় বলে মনে হচ্ছে", মিজানুর বলেন।

তিনি জানান, আহমেদ নূর ও দিল মোহাম্মদ ও মোবারক হোসেইনের লাশ ইতোমধ্যে বাংলাদেশে পাঠানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিদের অনেকেই ব্যবসা-বাণিজ্যে ভালো করছেন। কিন্তু আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ায় ঝুঁকির মধ্যে আছেন তারা।

মিজান বলেন, "এদের বেশিরভাগই ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন না। এর ফলে বার বার ডাকাতদের কবলে পরছেন।"

ফিরতি মানুষের চাপে স্বরূপে ফিরছে ঢাকা

Posted by methun

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। বুধবার সকাল থেকে ধীরে ধীরে রাজধানী ফিরে পাচ্ছে তার আগের ব্যস্ত রূপ।

নাড়ির টানে ঢাকা ছেড়ে যাওয়া, আবার রুজি রোজগারের টানে ঢাকার ফিরে আসা। নগরীর বাস, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশনে তাই ঢাকা ফেরত মানুষের ভিড়।

ঈদের ছুটির সাথে শুক্রবার আর শনিবার যোগ হওয়াতে বেশি সময় ধরেই ছুটি কাটাতে পেরেছেন রাজধানীর ব্যস্ত কর্মজীবী মানুষ। তবে পরিবহন চালকরা জানান, আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ঢাকায় ফেরার মূল স্রোত শুরু হবে রোববার থেকে।

বুধবার ভোর থেকে রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী ও কমালাপুর টার্মিনালে ছিলো ফিরতি মানুষের ব্যস্ততা। ঢাকা ছেড়ে যাবার সময় ভোগান্তির শিকার হয়েছিলেন যাত্রীরা। তবে ফেরার মুহূর্তে তেমন একটা দুর্ভোগ পোহাতে হচ্ছে না তাদের।

সদরঘাটের লঞ্চ টার্মিনালে ছিল উপচেপড়া ভিড়। পটুয়াখালী থেকে ঢাকায় আসা আফজাল হোসেন  জানান, ঢাকা ছাড়তে যে ভোগান্তির শিকার হয়েছেন, ঢাকায় ফিরতে তা আর পোহাতে হয়নি।

পরিবারের সদস্যদের বাড়িতে রেখে একা ফিরেছেন তিনি। আফজাল জানান, ছুটি না পাওয়ায় বুধবার ঢাকায় আসা, ছুটি পেলে আসতেন রোববার।

তবে টার্মিনালগুলোয় নামা অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করেও ট্যাক্সিক্যাব বা সিএনজি অটোরিকশা পাননি।

গাবতলী টার্মিনালে বগুড়া থেকে আসা রেজা নূর  জানান, ট্যাক্সি ক্যাব বা অটোরিকশার জন্য তিন ঘণ্টা তাকে দাঁড়িয়ে থাকতে হয়।

উত্তরবঙ্গ থেকে আসা তাসমেরী পরিবহনের চালক আসলামুর জানান, বুধবার ও বৃহস্পতিবার যাত্রীদের চাপ একটু কম ছিলো, রোববার থেকে বিভিন্ন রুটে ফিরতি মানুষের চাপ বাড়বে।

এক রশিতে আত্মহত্যা তরুণ-তরুণীর

Posted by methun

ঝিনাইদহ সদর উপজেলায় মঙ্গলবার রাতে একই রশিতে দুই তরুণ-তরুণী আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

বুধবার সকালে কোদালে গ্রামের একটি গাছ থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

এরা হলেন কোদালে গ্রামের আলম হোসেনের ছেলে আমিনুল ইসলাম (১৯) ও পাশের মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের আবুল খায়েরের মেয়ে সীমা খাতুন (১৭)।

ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, আমিনুলের সঙ্গে সীমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বিষয়টি মেনে না নিয়ে দেড়মাস আগে স্বজনরা সীমাকে জোর করে পাইকপাড়া গ্রামে আরেকজনের সঙ্গে বিয়ে দেয়।

তিনি আরো বলেন, ঈদের আগের দিন সীমা বাবার বাড়ি আসেন। এরপর প্রেমিকের সঙ্গে একই রশিতে ফাঁস দিয়ে আতœহত্যা করেন।

'গণতন্ত্র ফিরিয়েছিল নূর হোসেনরা'

Posted by methun

শহীদ নূর হোসেন দিবস বৃহস্পতিবার। ১৯৮৭ সালের এই দিনে এরশাদবিরোধী আন্দোলনের সময় ঢাকা অবরোধ কর্মসূচিতে রাজধানীর 'জিরো পয়েন্টে' পুলিশের গুলিতে নিহত হন যুবলীগকর্মী নূর হোসেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বুধবার এক বাণীতে বলেছেন, নূর হোসেনের মতো শহীদদের আত্মত্যাগের বিনিময়েই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে।

এরশাদবিরোধী আন্দোলনের সেই দিনে বুকে-পিঠে 'স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক'- স্লোগান লিখে মিছিলে শামিল হয়েছিলেন নূর হোসেন।

নূর হোসেন ছাড়াও সেই আন্দোলনে আরেক যুবলীগ নেতা নূরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো পুলিশের গুলিতে নিহত হন। তাদের আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন তীব্র হয়। এর ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।

তারপর থেকেই ১০ নভেম্বর পালিত হচ্ছে নূর হোসেন দিবস হিসেবে। আর জিরো পয়েন্টের নামকরণ হয়েছে নূর হোসেন চত্বর।

রাষ্ট্রপতি জিল্লুর রহমান তার বাণীতে বলেন, "গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে শহীদ নূর হোসেন এক উজ্জ্বল নাম। নূর হোসেনের রক্ত বৃথা যায়নি। তার আত্মাহুতির ধারাবাহিকতায় ১৯৯০ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের মাটিতে নূর হোসেনের মতো সাহসী মানুষ যতদিন বেঁচে থাকবে, ততোদিন এদেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হবে না।"

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, "নূর হোসেনসহ অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ ভোট ও ভাতের অধিকার ফিরে পেয়েছিল।"

"গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বাবুল, ফাত্তাহসহ অগণিত গণতন্ত্রকামী মানুষের রক্তে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার রাজপথ রঞ্জিত হয়েছিল," যোগ করেন প্রধানমন্ত্রী।

নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির চেয়ারপারন খালেদা জিয়া এক বিবৃতিতে বলেন, "আমাদের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে নূর হোসেন একটি অবিস্মরণীয় নাম। তবে যে স্বপ্ন চোখে নিয়ে জীবন উৎসর্গ করে ছিলেন তিনি; সে স্বপ্ন আজো পুরোপুরি সফল হয়নি।"

"গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শহীদ নূর হোসেন আমাদের প্রেরণা। এ দৃষ্টান্ত অনুসরণ করে একটি মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে," যোগ করেন বিরোধী দলীয় নেতা।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংগঠনের সব শাখাসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

শহীদ নূর হোসেন সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, যুব গণফোরামসহ বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে কর্মসূচি নিয়েছে।

খোকন গ্রেপ্তারে সরকারের কী দোষ: স্বরাষ্ট্রমন্ত্রী

Posted by methun

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি নেতা খায়রুল কবির খোকনকে গ্রেপ্তারের জন্য পুলিশের ওপর সরকারের কোনো চাপ ছিলো না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

তিনি বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "সরকারকে ভুল ও অন্যায়ভাবে দোষারোপ করা হচ্ছে। কাকে গ্রেপ্তার করা হবে, আর কাকে গ্রেপ্তার করা হবে না, তা তদন্তকারী কর্মকর্তাদের ব্যাপার।"

আওয়ামী লীগ নেতা লোকমান গত ১ নভেম্বর সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার পরপরই নরসিংদী জেলা বিএনপির সভাপতি খোকনকে ঢাকায় গ্রেপ্তার করা হয়। তাকে ওই হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতেও চেয়েছে পুলিশ।

লোকমানের পরিবারের করা মামলায় খোকনকে আসামি না করার বিষয়টি তুলে ধরে বিএনপি বলে আসছে, সরকার হয়রানির উদ্দেশ্যে দলের কেন্দ্রীয় নেতা খোকনকে গ্রেপ্তার করেছে।

লোকমানের ভাইয়ের করা মামলার ১৪ আসামির অধিকাংশই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মী। এর মধ্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাই সালাউদ্দিন বাচ্চুও রয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এ ঘটনার প্রকৃত দোষী যে দলের হোক না কেন, তাকে ধরা পড়তে হবে।"

গত তিন বছরে যতগুলো ঘটনা ঘটেছে তদন্তকারী কর্মকর্তারা দোষীদের চিহ্নিত করার জন্য সঠিকভাবে তদন্ত করেছে, বলেন তিনি।

খোকনকে গ্রেপ্তারের বিষয়টি তদন্ত কর্মকর্তার ব্যাপার বললেও একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নরসিংদীর ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদের পর বুধবার নিজের কার্যালয়ে গিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সাহারা।

এবার ঈদে পশুর হাটে কোনো চাঁদাবাজি হয়নি দাবি করে তিনি বলেন, "বিভিন্ন হাট পরিদর্শন করে দেখেছি, কোনো অভিযোগ পাওয়া যায়নি।"

প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ায় পশুরহাটে জাল টাকার ব্যবহারও রোধ করা গেছে বলে জানান মন্ত্রী।

ঈদের আগের দিন হাটগুলোতে গরুর সঙ্কটের বিষয়ে তিনি বলেন, "ক্রেতার তুলনায় হাটে গরুর সংখ্যা কম ছিলো, এ সুযোগে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছিলো।"

বিগত তিন বছরের তুলনায় এবার ঈদ ভালোভাবে হয়েছে বলে মনে করেন সাহারা। তিনি বলেন, ঈদে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা বিপর্যয় হয়নি।

বাড়ি যাওয়ার সময় ট্রেন থেকে পড়ে কয়েকজনের নিহত হওয়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী দুঃখ প্রকাশ করেন।

টু-জি লাইসেন্স নবায়ন নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার

Posted by methun

স্পেক্ট্রাম ফি ও ভ্যাট নিয়ে দুই মোবাইল অপারেটরের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই বৃহস্পতিবার চার প্রতিষ্ঠানের টু-জি লাইসেন্স নবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদ বুধবার সন্ধ্যায়  বলেন, "আগামীকাল সকালে টু-জি লাইসেন্স নবায়ন নিয়ে কমিশনে বৈঠক হবে। বৈঠক শেষে অপারেটরদের সিদ্ধান্ত জানানো হবে।"

গত ১১ সেপ্টেম্বর লাইসেন্স নবায়নের চূড়ান্ত নীতিমালা প্রকাশ করে বিটিআরসি। সে অনুযায়ী ১০ নভেম্বরের মধ্যে বিটিআরসির পক্ষ থেকে অপারেটরদের নতুন লাইসেন্স দেওয়ার কথা।

লাইসেন্স নবায়নের জন্য গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেল ইতোমধ্যে নবায়ন ফি ও স্পেক্ট্রাম ফি বিটিআরসিতে জমা দিয়েছে।

তবে স্পেক্ট্রাম ফি ও ভ্যাটের বিষয়ে বিটিআরসির সঙ্গে দ্বন্দ্বের জেরে গ্রামীণ ফোন ও বাংলালিংক আদালতে যাওয়ায় এ দুটি প্রতিষ্ঠানের বিষয়ে স্থিতাবস্থার নির্দেশ দিয়েছে আদালত।

গত ১৭ অক্টোবর গ্রামীণফোনকে দেওয়া এক চিঠিতে ২০০৮ সালে বরাদ্দ হওয়া স্পেক্ট্রামের জন্য আরো ৩৮৪ কোটি টাকা দাবি করে বিটিআরসি। এ টাকা দিতে আপত্তি জানিয়ে হাইকোর্টে যায় দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটিং কোম্পানিটি। গ্রামীণফোনের দাবি, বিটিআরসির চিঠিতে ২৩৬ কোটি ৮০ লাখ টাকা অতিরিক্ত দাবি করা হয়েছে।

গত ৩ নভেম্বর সুপ্রিম কোর্টের অবকাশকালীন বিশেষ চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এক আদেশে বলেন, গ্রামীণফোনের লাইসেন্স নবায়নের বিষয়ে আদালতই সিদ্ধান্ত দেবে। স্পেক্ট্রাম ফি ও ভ্যাটের বিষয়েও সিদ্ধান্ত আসবে আদালত থেকেই।

এর মধ্যে গ্রামীণফোনের কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের হস্তক্ষেপ বা বাধা না দিতে বিটিআরসিকে নির্দেশনা দেন তিনি।

এর আগে বাংলালিংকও বিটিআরসির বিরুদ্ধে অতিরিক্ত অর্থ চাওয়ার অভিযোগ এনে আদালতে যায়। এ প্রতিষ্ঠানের ক্ষেত্রেও স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা আসে হাইকোর্ট থেকে।

বিটিআরসির একজন ঊর্ধ্বতন নাম প্রকাশ না করার শর্তে  বলেন, আদালতের এসব নির্দেশনা নিয়েই আলোচনা হবে বৃহস্পতিবারের বৈঠকে। এ অবস্থায় লাইসেন্স দেওয়া নিয়ে বৈঠকের পর সিদ্ধান্ত জানানো হবে।

স্পেক্ট্রাম ফি জমা দিয়েছে বাংলালিংক ও সিটিসেল

বাংলালিংক ও সিটিসেল বুধবার বিটিআরসিতে স্পেক্ট্রাম ফি জমা দিয়েছে।

বাংলালিংকের জেনারেল ম্যানেজার (রেগুলেটরি অ্যাফেয়ার্স) মাসহিদ রহমান  জানান, স্পেক্ট্রাম ফি বাবদ ৮২২ কোটি টাকা জমা দিয়েছেন তারা।

আর সিটিসেল ১৮৭ কোটি ৪৩ লাখ টাকা জমা দিয়েছে বলে জানান বিটিআরসি মহাপরিচালক (লিগ্যাল অ্যান্ড লাইসেন্স) এ কে এম শহিদুজ্জামান।

এর আগে টেলিকম অপারেটর রবি ২ নভেম্বর বিকেলে স্পেক্ট্রাম চার্জ বাবদ ৭৯১ কোটি ৬৭ লাখ টাকা বিটিআরসিতে জমা দেয়।

আর লাইসেন্স নবায়ন ও স্পেক্ট্রাম চার্জ হিসেবে গত ৩১ অক্টোবর প্রথম কিস্তিতে বিটিআরসিকে এক হাজার ৩৫৮ কোটি ৪৫ লাখ টাকা দেয় গ্রামীণফোন। ভ্যাটের অংশ বাদ দিয়ে এ টাকা জমা দেওয়া হয়।

রবি, বাংলালিংক ও সিটিসেলও ওইদিন লাইসেন্স নবায়নের ফি জমা দেয়।

কুমিল্লায় নির্বাচনে বাধা নেই: সাখাওয়াত

Posted by methun

সীমানা পুনর্র্নিধারণের গেজেট প্রকাশিত হওয়ায় নির্ধারিত সময়ে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন একজন নির্বাচন কমিশনার।

নবগঠিত এ সিটি কর্পোরেশনের সীমানা পুনর্র্নিধারণের বিষয়ে বুধবার গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

পরে নির্বাচন কমিশনে নিজের কার্যালয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, "আইনি জটিলতা কেটে যাওয়ায় বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই।"

এটিএম শামুল হুদার নেতৃত্বাধীন বর্তমান কমিশনের মেয়াদ আগামী ফেব্র"য়ারিতে শেষ হচ্ছে।

সাখাওয়াত জানান, আইন অনুযায়ী চলতি মাসের শেষ সপ্তাহে এ নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। আগামী ৫ জানুয়ারির মধ্যে হবে ভোটগ্রহণ।

স্থানীয় সরকার আইন অনুযায়ী, সিটি কর্পোরেশন ঘোষণার গেজেট প্রকাশিত হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

সাখাওয়াত বলেন, "নির্বাচনের কর্মপরিকল্পনা ঠিক করতে কমিশন আগামী বৃহস্পতিবার বৈঠকে বসবে। আইনি বাধ্যবাধকতার কারণে ৫ জানুয়ারির মধ্যে নির্বাচন করার জন্য প্রস্তুতি চলছে। ভোটার তালিকা হালনাগাদ এবং ভোটার তালিকার সিডি তৈরি করে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তার সময়মতোই সরবরাহ করা হবে।"

কুমিল্লা নির্বাচনে সব ওয়ার্ডেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলেও জানান তিনি।

গত ১০ জুলাই কুমিল্লা পৌরসভা ও কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভা এলাকাকে একীভূত করে দেশের অষ্টম সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়। আগের দুই পৌরসভা মিলে এ কর্পোরেশনে ওয়ার্ড রয়েছে ২৭টি।

গত ৭ অগাস্ট অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নাসির উদ্দিনকে এ কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আরেক নবগঠিত সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জে গত ৩০ অক্টোবর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়। ওই নির্বাচনে ৯টি ওয়ার্ডে সাফল্যের সঙ্গে ইভিএম ব্যভহার করে নির্বাচন কমিশন।