নিজভূমে পরবাসী ৫
ভারতের ভিতরকুঠি ছিটমহলের মেঠো পথে হেঁটে যেতে যেতে প্রকৃতির অপরূপ শোভা মন ভরিয়ে দেয়। বাঁশের ঘন ঝোপ, বিশাল বৃক্ষ, বিস্তৃত ধান ক্ষেত সেই চিরায়ত বাংলার স্নিগ্ধ প্রকৃতির মাঝেই এখানকার মানুষদের বসবাস। কিন্তু এদের মাঝে স্নিগ্ধ জীবনের কোন স্পর্শ নেই। এ ছিটমহলে বিদ্যুত্ সংযোগ না থাকায় সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে গাঢ় অন্ধকারে ঢেকে যায় পুরো গ্রাম। এই অন্ধকারের চাইতেও গভীর অন্ধকারে ঢাকা এ ছিটমহল বাসিন্দাদের জীবন। দিনের তীব্র আলো সে অন্ধকার দূর করতে পারে না। রাজনৈতিক সিদ্ধান্তহীনতার কারণে সবসময় অনিশ্চয়তা, হীনমন্যতা নিয়ে দিন কাটাচ্ছেন ভিতরকুটি ছিটমহলবাসী। ভারতীয় নাগরিক হয়েও মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত। জীবন ধারণের জন্য প্রতিনিয়ত নির্ভরশীল বাংলাদেশের ওপর।
‘ভারত হামাক কোন সুবিধা দেয় নাই। হামরা বন্দি হয়া আছি। কোন দেশত পাত্তা পাই না। হামার ছাওয়া-পোয়ার ন্যাখাপড়ার ব্যবস্থা নাই। হামরা ভারতের নাগরিক হয়াও স্যাটে যাবার পারি না। ওটে কাঁটাতারের ব্যাড়া দিছে। হামরা বাংলাদেশত থাইকপার চাই’— বলছিলেন এ ছিটমহলের অধিবাসী আমিনুল ইসলাম। শুধু আমিনুল ইসলামই নন ভিতরকুঠি ছিটমহলে বসবাসকারী প্রায় সবাই বাংলাদেশের নাগরিক হতে চায়। কারণ এ ছিটমহলটি ভারতের অংশ হলেও এখানে বসবাসকারী কেউই ভারতে যেতে পারেন না। কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা ভারতের সীমানা। তারা বলেন, দীর্ঘ কয়েক দশকে তারা পুরোপুরি বাংলাদেশের মানুষের সঙ্গে মিশে গেছেন। সে কারণে তারা বাংলাদেশের নাগরিক হতে চান। এ ছিটমহলের দেড় হাজার বাসিন্দা জীবন-জীবিকা, শিক্ষা, স্বাস্থ্যসেবা সবকিছুর জন্যই নির্ভর করে বাংলাদেশের ওপর। এখানে যেমন কোন চিকিত্সালয় নেই, তেমনি নেই কোন শিক্ষা প্রতিষ্ঠান। যেহেতু ভারত সরকারের ছিটমহল সে জন্য বাংলাদেশের কোন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হতে পারেন না তারা। আবার কাঁটাতারের বেড়া দিয়ে আলাদা থাকায় ভারতের নাগরিক হবার কোন সুযোগও পান না তারা। তাই অস্তিত্ব রক্ষায় বাংলাদেশের নাগরিক হিসাবে নিজেদের আলাদা পরিচয়পত্র করাচ্ছেন তারা। বাংলাদেশের স্কুল-কলেজগুলোতে লেখাপড়া করছে শিশুরা। প্রতিটি ঘরে ঘরে বাংলাদেশের মোবাইল ফোন। শুধু তাই নয়, এখানকার ২৮০ জন বাংলাদেশের হয়ে ভোটারও হয়েছেন।
এ ছিটমহলে নেই কোন বাজার-হাটও। এখানকার মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধ কেনেন লালমনিরহাটের কুলাঘাট, বড়বাড়ি, নয়ারহাট থেকে।
ভারতীয় ছিটমহলের অধিবাসীরা জানান, বাংলাদেশের মানুষের সহযোগিতা না পেলে তারা এখানে বেঁচে থাকতে পারতেন না। প্রত্যেকে বাংলাদেশের মানুষের সহানুভূতির কথা উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন আর আবেদন জানান, এ ছিটমহলকে বাংলাদেশের অংশ করে নেবার জন্য। কেউ কেউ এ ছিটমহলকে বাংলাদেশের অংশ না করা হলে আন্দোলন গড়ে তোলার কথাও উল্লেখ করেন।
আমিনুল ইসলাম জানান, তিনি নামমাত্রে ভারতীয়। ভিতরকুঠি ছিটমহলে তার বসবাস হলেও বিয়ে করেছেন লালমনিরহাট জেলার শিউলি বেগমকে। বাংলাদেশের অধিবাসী হিসাবে জাতীয় পরিচয়পত্র করিয়ে চাকরিও করছেন একটি আধা-সরকারি অফিসে। শুধু আমিনুল নন এখানকার অধিকাংশ তরুণ-তরুণী বাংলাদেশীদের বিয়ে করতে আগ্রহী। কারণ, এতে তার বাংলাদেশে কাজ করতে সুবিধা হয়। যে কোনভাবে বাংলাদেশের নাগরিক হিসাবে পরিচয় দেবার একটি সূত্র মেলে।
ইছিম উদ্দিন ভিতরকুঠিতে বসবাস করছেন দেশ বিভাগের আগে থেকে। বিয়ে করেছেন লালমনিরহাট জেলার মিভিরকুঠি গ্রামে। তিনি ভারতের প্রধানমন্ত্রীর নাম বলতে না পারলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম জানেন। তিনি বলেন, এখন ভারতে যেতেই আমাদের পাসপোর্ট লাগবে। বাংলাদেশের মানুষ আমাদের সঙ্গে সদয় আচরণ করে।
ভিতরকুঠির বাসিন্দা নবম শ্রেণীর ছাত্রী মুন্নি আক্তারের সঙ্গে কথা হয় তার স্কুলে যাবার পথে। লালমনিরহাটের কুলাঘাট হাই স্কুলের ছাত্রী সে। আমরা ছিটমহলের বাসিন্দা বলে স্কুলের ছেলেমেয়েরা আমাদের বিদ্রুপ করে। মুন্নি জানায়, তাদের বাংলাদেশী হিসাবে স্বীকৃতি দিলে লেখাপড়াসহ চাকরি ও সংসার সবকিছুতেই সুবিধা হয়। মুন্নির সহপাঠী আফসানা আক্তার আশা জানায়, আমরা ভারতের অধিবাসী কিন্তু ভারতে প্রবেশে আমরা বাধা পাই। অথচ বাংলাদেশে প্রবেশে কোন বাধা নেই।
Ads by Cash-71
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী শেয়ারের অভিহিত মূল্য পরিবর্তনের ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি। পাশাপাশি বাজার লট পরিবর্তনেরও ঘোষণা দিয়েছে তারা।
কোম্পানিগুলো হলো- ওয়ান ব্যাংক, স্কয়ার ফার্মা ও ইসলামি ইন্স্যুরেন্স।
সোমবার মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী, এই তিন প্রতিষ্ঠান তাদের শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকার পরিবর্তে ১০ টাকা করবে।
ওয়ান ব্যাংক ৫০টির পরিবর্তে ১০০টিতে লট, স্কয়ার ফার্মা ১টির পরিবর্তে ৫০টিতে এবং ইসলামি ইন্স্যুরেন্স ৫০টির পরিবর্তে ২৫০টি শেয়ারে লট ঘোষণা করবে।
অভিহিত মূল্য পরিবর্তন ও নতুন করে বাজার গড়ার বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়ার জন্য অতিরিক্ত সাধারণ সভাও (ইজিএম) ডেকেছে কোম্পানিগুলো।
১ ডিসেম্বরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত সব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার জন্য গত ১৫ সেপ্টেম্বর এই আদেশ জারি করে এসইসি।
আদেশ অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর হবে রেকর্ড তারিখ। আর ৪ ডিসেম্বর থেকে সব প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হবে ১০ টাকা অভিহিত মূল্যে।
পুঁজিবাজার স্থিতিশীল করার দাবিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে রাতভর বিক্ষোভ চলার পর অনশনরত বিনিয়োগকারীদের তুলে দিয়েছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মতিঝিল থানা পুলিশ ডিএসইর সামনে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সরিয়ে দেয়।
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ এসে আমাদের সঙ্গে ব্যাপক দুর্ব্যবহার করে। তারা মাইক ছিনিয়ে নেয় এবং চেয়ার ভেঙে ফেলে আমাদের সরে যেতে বাধ্য করে।"
মাইক ছিনিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে পুলিশের মতিঝিল অঞ্চলের উপ কমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গতকাল থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ। এতে জনজীবন ব্যাহত হচ্ছে। আমরা তাদের মাইকসহ অন্যান্য সরঞ্জাম সরিয়ে নিতে অনুরোধ করেছি। পরে উনারাই সরে গেছেন।"
সকাল পৌনে ৯টার দিকে ডিএসইর সামনের সড়কে যান চলাচল আবার শুরু হয়েছে বলে জানান তিনি।
দুই সপ্তাহ ধরে টানা দরপতনের পর রোববার বেলা ১১টায় লেনদেন শুরুর সঙ্গে সঙ্গে আমরণ অনশনের ঘোষণা দিয়ে ডিএসইর সামনে অবস্থান নেয় ব্যক্তি শ্রেণীর এই বিনিয়োগকারীরা। বিকেলে বেশ কয়েকজন রাজনীতিবিদ সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন।
বিষয়টি সমাধানের জন্য এসইসি কর্মকর্তারা রাতে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। মতিঝিলে রাতভর চলে বিক্ষোভ।
ফয়সাল আহমেদ বলেন, "পুলিশ আমাদের তুলে দিলেও কর্মসূচি চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই এলকা ছেড়ে যাব না।"
সৌদি আরব সরকার বাংলাদেশিদের শিরশ্ছেদ করায় মানবাধিকার লঙ্ঘন হলেও বাংলাদেশ একদিকে 'লাভবান' হয়েছে বলে মনে করেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান।
চেয়ারম্যান মিজানুর রহমানের মতে, এর ফলে বাংলাদেশ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলে সৌদি আরব নিন্দা বা প্রতিবাদ করতে পারবে না।
রোববার এক কর্মশালায় তিনি বলেন, "বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার কাজ চলছে যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
"অভিযোগ প্রমাণিত হলে এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত হলে সেখানে অন্তত সৌদি আরব সরকার নৈতিক অবস্থান নিয়ে নিন্দা করবে বা প্রতিবাদ করবে তার সুযোগ নেই। কারণ আমরা নিজেদের আইনে নিজেদের নাগরিকদের শাস্তি দেব।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এথিকস ক্লাব বাংলাদেশের উদ্যোগে এথিকস বিষয়ক এক কর্মশালায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
এক মিশরীয়কে হত্যার দায়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে গত ৭ অক্টোবর শিরশ্ছেদের মাধ্যমে আট বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
অন্যদিকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধ বিচারে গতবছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গঠনের পর এ পর্যন্ত একজনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে।
বিচার ব্যবস্থা জুয়ার আড্ডা: আকবর আলী
কর্মশালায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান বলেন, "বর্তমানে আমাদের দেশের বিচার ব্যবস্থা জুয়ার আড্ডায় পরিণত হয়েছে।"
"অপরাধী রেখে নিরীহ লোকদের ধরে এনে শাস্তি দিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে এক শ্রেণীর মক্কেল শ্রেণীর টাউট বাটপার তৈরি হয়েছে।"
ব্রিটিশদের করা আইনের সঙ্গে আমাদের জীবন ধারার কোনো মিল নেই মন্তব্য করে সাবেক এ আমলা বলেন, "ব্রিটিশদের তৈরী করে দেওয়া এই আইনের মাধ্যমে জাল দলিল করে একজনকে জেলে পাঠানো সম্ভব।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সিলেবাসের সমালোচনা করে জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই সুপ্রিম কোর্টের নেতৃত্ব দিয়ে থাকে। তবে পরিতাপের বিষয় এই যে এই বিভাগে লিগ্যাল এথিকস সর্ম্পকে কোনো কিছুই পাঠদান করা হয় না।"
এথিকস ক্লাবের আইন বিভাগের আহ্বায়ক মো. লোকমান হোসেনের সভাপতিত্বে কর্মশালায় ব্যারিস্টার আমির উল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রকিব উদ্দিন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. তাসলিমা মনসুর, এথিকস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি এম ই শামীম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বাউল সম্রাট ফকির লালন শাহ'র ১২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার থেকে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হয়েছে।
রাত ৮টায় চার দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
এবারের উৎসবের প্রতিপাদ্য হচ্ছে- আমাদের সংস্কৃতি-ঐতিহ্য হোক আমাদের দিন বদলের অনুপ্রেরণা।
খুলনা বিভাগীয় কমিশনার মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক বনমালী ভৌমিক, কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুর রব, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী ও লালন একাডেমির সাধারণ সম্পাদক তাইজাল আলী।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা লালন সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান চলবে সারারাত।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং লালন একাডেমির আয়োজনে চারদিনের এই উৎসবে লালন স্মৃতিচারণ, লালন মেলা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন রয়েছে। এছাড়া লালনের আখড়া বাড়ির (মাজার প্রাঙ্গণ) পাশে বসেছে লালন মেলা।
উৎসব উপলক্ষে দেশি-বিদেশি পর্যটক, লালনভক্ত বাউল ফকির, ভক্তকূল ও সাধারণ দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে লালনের আখড়া বাড়ি।
দূর-দূরান্ত থেকে আসা বাউল ভক্তরা আখড়া বাড়ি সংলগ্ন কালি নদীর অবস্থান গ্রহণ করেছে।
ফকির লালন শাহ ১৮৯০ সালের ১৭ অক্টোবর মৃত্যুবরণ করেন।
জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়াই সোমবার থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগ।
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজের জন্য প্রথম তিন ম্যাচ খেলতে পারবেন না জাতীয় দলের ক্রিকেটাররা।
উদ্বোধনী দিনে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী নবাগত ঢাকা মেট্রোর মুখোমুখি হবে।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আরেক নবাগত রংপুরের প্রতিপক্ষ ঢাকা।
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে সিলেট খেলবে খুলনার বিপক্ষে।
বিকেএসপিতে চট্টগ্রামের সঙ্গে বরিশালের লড়াই।
৩২ জন আইকন ক্রিকেটারের দলও চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিটি দলে ৪ জন করে আইকন খেলোয়াড় রয়েছেন।
এছাড়া আট দলের অধিনায়কের নামও ঘোষিত হয়েছে।
আইকন খেলোয়াড়দের বিভাজন এরকম Ñ
ঢাকা বিভাগ: মাহমুদুল্লাহ রিয়াদ, শুভাগত হোম চৌধুরী, রকিবুল হাসান ও শাহাদাত হোসেন। অধিনায়ক মোহাম্মদ শরীফ।
ঢাকা মেট্রো: মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), ইলিয়াস সানি, মেহরাব হোসেন ও শামসুর রহমান।
রাজশাহী: মুশফিকুর রহিম, সাকলায়েন সজীব, জুনায়েদ সিদ্দিক ও জহুরুল ইসলাম। অধিনায়ক ফরহাদ রেজা।
রংপুর: সোহরাওয়ার্দী শুভ, নাঈম ইসলাম, নাসির হোসেন ও শফিউল ইসলাম। অধিনায়ক তারিক আহমেদ রুবেন।
খুলনা: সাকিব আল হাসান, ইমরুল কায়েস, আব্দুর রাজ্জাক ও সগির হোসেন। অধিনায়ক তুষার ইমরান।
বরিশাল: শাহরিয়ার নাফীস (অধিনায়ক), নাসিরুদ্দিন ফারুক, সৈয়দ রাসেল ও কামরুল ইসলাম রাব্বি।
সিলেট: অলক কাপালী, নাজমুল হোসেন, রবিউল ইসলাম ও নাদিফ চৌধুরী। অধিনায়ক ইমতিয়াজ হোসেন তান্না।
চট্টগ্রাম: তামিম ইকবাল, রুবেল হোসেন, নাজিম উদ্দিন (অধিনায়ক) ও নুর হোসেন মুন্না।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের সঙ্গে যোগ দিতে রোববার রাতে বাংলাদেশে এসেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপলসহ ৬ জন ক্রিকেটার।
চন্দরপল ছাড়া বাকি ৫ জন হলেন ক্রেইগ ব্র্যাথওয়েইট, ফিদেল এডওয়াডর্স, কার্লটন বাফ (উইকেটরক্ষক), কার্ক এডওয়ার্ডস ও শেন শিলিংফোর্ড।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার সাব্বির আহম্মেদ জানিয়েছেন, ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে যাবেন ডেনজা হায়াট, লেন্ডল সিমন্স, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, কার্লোস ব্র্যাথওয়েইট ও অ্যান্থনি মার্টিন।
এদিকে তৃতীয় ওয়ানডে ও প্রথম টেস্ট খেলতে চট্টগ্রামে পৌঁছে গেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল। রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ দল অবশ্য অতিথিদের ঘন্টা তিনেক আগেই চট্টগ্রাম পৌঁছে গেছে।
সোমবার সকাল ৯টায় জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। দুপুরে বাংলাদেশের অনুশীলন করার কথা।
তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ১৮ অক্টোবর। এরপর ২১ অক্টোবর থেকে শুরু হবে প্রথম টেস্ট।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান বহর ও রুটের সংখ্যা বাড়ানোর সুপারিশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রোববার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে বাণিজ্যিকভাবে লাভজনক করার বিষয়ে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বিমান বহর ও রুটের সংখ্যা বৃদ্ধি, উন্নত সেবা দেওয়া, প্রশিক্ষিত ও দক্ষ ক্রু নিয়োগ এবং লাভজনক রুট সনাক্ত করার ব্যাপারে কমিটি সুপারিশ করে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়, ২০০৮ সালে বাংলাদেশ বিমান বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি করে। সে অনুযায়ী চলতি ও আগামী মাসে দুটি ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হতে যাচ্ছে।
চুক্তি অনুযায়ী ২০২০ সালের মধ্যে আরো আটটি উড়োজাহাজ বহরে সংযোজিত হবে।
বর্তমানে ১৯টি গন্তব্যে সপ্তাহে ৮০টি ফ্লাইট পরিচালনা করছে বিমান। নুতন প্রজন্মের বোয়িং বিমান বহরে সংযোজিত হলে ইতোপূর্বে সাময়িকভাবে বন্ধ করা নিউইয়র্ক ও ম্যানচেস্টার স্টেশনে পুনরায় বিমান সার্ভিস শুরু করার পরিকল্পনা রয়েছে।
২০১১-১২ সালে বিমান রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পাঁচ হাজার পাঁচশ ৩০ কোটি টাকা। এর মধ্যে অপারেটিং (যাত্রী, কার্গো, এক্সেস ব্যাগেজ) খাতে আয় ধরা হয়েছে চার হাজার আটশ ৩৭ কোটি টাকা।
বৈঠকে জানানো হয়, রোববার সকাল পর্যন্ত ৬৩ হাজার নয়শ ৪২ জন হজযাত্রী সৌদী আরব গেছেন।
ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ভিকারুন্নিসা নূন স্কুলের শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে দায়ের করা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলে আরো ৩০ কার্যদিবস সময় বাড়ানো হয়েছে।
রোববার ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আরিফুর রহমান অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ নভেম্বর তারিখ ধার্য করেন।
গত ১৪ সেপ্টেম্বর বাদি পক্ষের নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি গোয়েন্দা পুলিশের মাধ্যমে পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়। রোববার নতুন তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহবুবে খোদা প্রতিবেদন দাখিলে ৩০ কার্যদিবস সময় বাড়ানোর আবেদন করেন।
এর আগে দাখিল করা তদন্ত প্রতিবেদনে মামলার এজাহারভুক্ত দুই আসামি ভিকারুন্নিসার সাবেক অধ্যক্ষ হোসনে আরা এবং একই প্রতিষ্ঠানের বসুন্ধরা শাখার প্রধান লুৎফর রহমানের নাম বাদ দেওয়া হয়েছিলো।
মামলার নথি থেকে জানা গেছে, ২৮ মে ভিকারুন্নিসার বসুন্ধরা শাখার এক ছাত্রীকে নিপীড়নের অভিযোগ এনে তার বাবা ৫ জুলাই বাড্ডা থানায় পরিমল জয়ধর, অধ্যক্ষ হোসনে আরা এবং বসুন্ধরা শাখার প্রধান লুৎফর রহমানকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
অনুমোদন ছাড়া পানীয় তৈরির অভিযোগে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুই ব্যক্তির দুইলাখ টাকা জরিমানা করেছে একটি ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে উপজেলার বনপাড়ায় এই নকল পানীয় তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। কারখানা থেকে বিপুল পরিমাণ তৈরি পণ্য উদ্ধার করা হয়েছে।
এরপর কারখানার ভবনের মালিক সিদ্দিকুর রহমান খান ও ব্যবস্থাপক শাহীনুর রহমান টিটুকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে বিচার করা হয়।
নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মোহাম্মদ রায়হান এ সাজা দেন।
বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঠিকাদার সিদ্দিকুর রহমান খানের ভাড়া দেওয়া বাড়িতে মোছা. আজমিরা খাতুনের মালিকানাধীন র্যাম বেভারেজ অ্যান্ড হারবাল কোম্পানি লিমিটেড'র কারখানায় অভিযান চালায় র্যাব-৫ সদস্যরা।
পরে বড়াইগ্রাম থানা পুলিশও অভিযানে যোগ দেয়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, ওই কারখানা থেকে ২৩ হাজার বোতল নকল যৌন উত্তেজক পানীয়, প্রায় এক লাখ ২০ হাজার প্যাকেট নকল ওরস্যালাইন, বিপুল পরিমাণ ললিপপ, টেস্টি ইসবগুল এবং এসব তৈরির যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
এসব মালামালের মূল্য অন্তত ২০ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
এসব পনীয় ও খাদ্য সামগ্রী তৈরির বিএসটিআইয়ের অনুমোদন নেই বলে পুলিশ কর্মকর্তা জানান।
তিনি আরো বলেন, আটক দু'জনকে নগদ দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদ- দেওয়া হয়। তবে তারা তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করে ছাড়া পান।
এমবিবিএস ও বিডিএসের ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণ কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট।
আগামী দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন বিভাগের পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
একইসঙ্গে মামলার বিবাদীদের একই সময়ের মধ্যে ওই দুই পরীক্ষার বাংলা ও ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ও মূল্যায়ন পদ্ধতি আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়।
রোববার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এই রুল জারি করে।
২০১১-১২ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা হয় গত ৩০ সেপ্টেম্বর। ইতিমধ্যে এ পরীক্ষার ফলও প্রকাশ হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক শাহ আব্দুল লতিফ বলেন, আদালত চাইলে তারা যেকোনো নথি দিতে প্রস্তুত।
আদালতের নির্দেশনার প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন তিনি।
তিনি দাবি করেন ভর্তি প্রক্রিয়া 'স্বচ্ছ' ছিল।
এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী এক শিক্ষার্থীর অভিভাবক মো. গোলাম মোস্তফা রোববার সকালে এই রিট আবেদনটি দায়ের করেন।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এবং ব্যারিস্টার আব্দুল্লাহ ইউসিফ।
ব্যারিস্টার আব্দুল্লাহ ইউসিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই পরীক্ষায় বাংলা ও ইংরেজি প্রশ্নে ব্যাপক অসঙ্গতি রয়েছে। রিট আবেদনে আমরা এরকম চারটি অসঙ্গতির কথা উল্লেখ করেছি। তবে শিক্ষার্থীদের সঙ্গে আলাপে আমরা এরকম ২০টির মতো অসঙ্গতির কথা জানতে পেরেছি।"
"পরীক্ষা শেষে যেহেতু প্রশ্নপত্র রেখে দেওয়া হয়, তাই আমরা অসঙ্গতির সংখ্যা এখনই নিশ্চিত করতে পারছি না," বলেন ইউসিফ।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আবারো বলেছেন, তার দল আগামীতে এককভাবেই নির্বাচনে অংশ নেবে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে তার দল নির্বাচন করবে বলে কয়েকটি পত্রিকায় প্রকাশিত সংবাদের সমালোচনাও করেছেন তিনি। তবে জোট থেকে বেরিয়ে যাচ্ছেন কি না সে বিষয়ে কিছু বলেননি সাবেক এই সামরিক শাসক।
রোববার দুপুরে জাতীয় পার্টির সহযোগী একটি দলের সম্মেলনে তিনি বলেন, "রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছে আমার নেই। আমি এ দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করতে চাই, মানুষের সেবা করতে চাই। রাষ্ট্রপতির বিশাল অট্টালিকায় থাকতে চাই না।"
তিনি বলেন, "আড়াই বছর আগে দলীয় নেতাকর্মীদের বলেছিলাম এককভাবে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিতে। এখনো আমি সে কথাতেই অবিচল আছি।"
"আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশগ্রহণ করবে, ইনশাল্লাহ। জীবনের শেষ প্রান্তে এসে এ কথার নড়াচড়া হবে না", বলেন এরশাদ।
প্রকাশিত সংবাদের সমালোচনা করে তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকে কী কথা হয়েছে তা প্রধানমন্ত্রী এবং তিনি কেউই সাংবাদিকদের জানাননি। সাংবাদিকরাও বৈঠকে উপস্থিত ছিলেন না।
তার প্রশ্ন, তাহলে তারা এসব তথ্য কোথায় পেলেন?
তিনি বলেন, "মহাজোটের সঙ্গেই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমি ইউ টার্ন করেছি বলে সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু আমি ইউ টার্ন করিনি। আমরা এককভাবে নির্বাচনে অংশ নেব। একদিন না একদিন ক্ষমতায় আসব।"
জাতীয় ওলামা পার্টির সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি বলেন, "ইসলাম জঙ্গীবাদ ও সন্ত্রাসকে সমর্থন করে না। আমরা কোরআনের পথ থেকে দিন দিন সরে যাচ্ছি বলেই মুসলমানরা লাঞ্ছিত হচ্ছেন।"
জাতীয় ওলামা পার্টির সদস্য সচিব কে এম হাসান জানান, জাতীয় ওলামা পার্টির ৭৩টি সাংগঠনিক জেলার মধ্যে বর্তমানে ২১ জেলায় কমিটি রয়েছে।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে পার্টির আহ্বায়ক আনিসুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এতে অন্যদের মধ্যে জাপা মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
'দুর্নীতির কারণে' পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়ন 'বন্ধ হয়ে যাওয়া' দেশের জন্য অসম্মানজনক বলে মন্তব্য করেছেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপার্সন রোববার রাতে বলেন, "বাংলাদেশের ইতিহাসে কখনোই কোনো প্রকল্পে বিশ্ব ব্যাংক অর্থায়ন বন্ধ করার নজির নেই। অথচ এবার বর্তমানের সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে পদ্মা সেতুর মতো প্রকল্পে তারা অর্থায়ন বন্ধ করে দিয়েছে।
"এটা আওয়ামী লীগের জন্য অসম্মানজনক না হলেও বাংলাদেশের জন্য সম্মানজনক নয়।"
রোববার রাতে খালেদা তার গুলশান কার্যালয়ে দলের রাজনৈতিক প্র্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনের সময় এ কথা বলেন।
পদ্মা সেতু প্রকল্প তদারকির জন্য প্রাক নির্বাচনী তালিকায় থাকা কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের 'দুর্নীতি'র তদন্তে বিশ্ব ব্যাংক কানাডা পুলিশকে অনুরোধ করলে পদ্মা সেতুতে 'দুর্নীতি'র বিষয়টি প্রকাশ্য হয়।
এরপর বিশ্বব্যাংক কয়েকদিন আগে এ প্রকল্পে অর্থায়ন স্থগিতের কথা জানায়। দেশের সর্ববৃহৎ এ নির্মাণ প্রকল্পে ১২০ কোটি ডলার ঋণের প্রতিশ্র"তি দিয়েছিল সংস্থাটি।
আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের সর্বনাশ করেছে দাবি করে তিনি বলেন, "২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে। এখন আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য টাকা।"
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে বল্ওে অভিযোগ করেন তিনি।
আওয়ামী লীগ 'উঠতি' ব্যবসায়ীদের মনোনয়ন দিয়ে রাজনীতি বিনষ্ট করেছে- এ মন্তব্য করে খালেদা বলেন, "জিয়াউর রহমানের আদর্শ ছিলো ড্রইং রুমে বসে রাজনীতি নয়, রাজনীতি করতে হলে মানুষের কাছে যেতে হবে। তিনি আমাদের এই আদর্শই শিখিয়েছেন।"
খালেদা জিয়া প্রশিক্ষণ কেন্দ্রের নেতৃবৃন্দকে প্রশিক্ষন বিষয়বস্তুর তালিকা সাংস্কৃতিক আগ্রাসন, সমুদ্রসীমানা ও সম্পদ, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, '৭৪ এর দূর্ভিক্ষের কারণ ইত্যাদি যুক্ত করার আহবান জানান।
<ন>প্রশিক্ষণের বিষয়বস্তু
রাজনৈতিক প্রশিক্ষণ কার্যক্রমের পাঠ্যসূচিতে রয়েছে- ভারত-বাংলাদেশ অভিন্ন নদীমালা ও পানিচুক্তি, সংবিধানের পঞ্চদশ সংশোধনী, বিশ্বায়ন ও সা¤প্রতিক বিশ্ব রাজনীতি এবং যুদ্ধ পরবর্তী সরকারের কার্যক্রম, '৭৫-পূর্ব রাষ্ট্রের মূলনীতি, একদলীয় শাসনব্যবস্থা ও ঐতিহাসিক ৭ নভেম্বর।
প্রশিক্ষণার্থীদের ১০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার পাস নম্বর ধরা হয়েছে ৪০। কৃতকার্যদের সনদপত্র এবং ৭ বিভাগের সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের প্রশিক্ষণ ক্রেস্ট দেবেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া।
রাজনৈতিক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করে খালেদা জিয়া বলেন, "দলের যেসব নেতা-কর্মীকে প্রশিক্ষণের জন্য ডাকা হবে তাদের সবাইকে আসতে হবে। প্রশিক্ষণের বিষয়বস্তুর ওপর আমাদের বিশেষজ্ঞরা যেসব মতামত দেবেন তা পরবর্তী সময়ে বুকলেট আকারে জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে।"
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সহসভাপতি, চেয়াপার্সনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ অঙ্গসংগঠনের ৪৩ জন নেতা অংশ নেন।
এদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সহসভাপতি কামাল ইবনে ইউসুফ, হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা হারুন আল রশীদ, ওসমান ফারুক, অধ্যাপক আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মাহবুবউদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, গোলাম আকবর খন্দকার, মজিবর রহমান সারওয়ার, মশিউর রহমানসহ অঙ্গসংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা ছিলেন।
<ন>উদ্বোধনী অনুষ্ঠান
অনুষ্ঠানের শুরুতে দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান ও কবীর মুরাদ রাজনৈতিক প্রশিক্ষণ কার্যক্রম তুলে ধরেন।
গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ের নিচ তলায় একটি কক্ষে এই অনুষ্ঠানটি হয়। শ্রেণীকক্ষের মতো অনুষ্ঠানস্থলে একটি লেখার বোর্ড বসানো হয়। সামনের চেয়ারের বসে জ্যেষ্ঠ নেতারা বিশেষজ্ঞদের বক্তব্য শোনেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক মনিরুজ্জমান মিঞা, অধ্যাপক মাহবুবউল্লাহ, স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার বক্তব্য দেন।
সূচনা বক্তব্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "চেয়ারপার্সনের নির্দেশে এই রাজনৈতিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে। দলের জ্যেষ্ঠ নেতা থেকে শুরু করে সব নেতাদের এই কার্যক্রমের আওতায় আনা হবে।"
দুর্নীতির অভিযোগে সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ ১১ জনের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার বিকালে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক আমিরুল ইসলাম নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এ ছয়টি মামলা করেন।
আসামিরা হলেন সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী একেএম ফখরুল ইসলাম, অফিস সহকারী আনিসুর রহমান, অয়েল ট্যাংকার মালিক এনায়েত হোসেন, গোলাম মোস্তফা, কবির হোসেন, ড্রেজার মালিক মামুন সর্দার, হাজী আনোয়ার হোসেন, মোহাম্মদ মুজিবুর রহমান, আল ইমরান, মোহাম্মদ সেন্টু মিঞা ও মোহাম্মদ ইউসুফ আলী।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন জানান, সরকারি ক্ষমতার অপব্যবহার এবং রাজস্ব ক্ষতির অভিযোগে প্রকৌশলী একেএম ফখরুল ইসলাম এবং ভুয়া কাজগপত্র দাখিল করে ভ্যাট ফাঁকির অভিযোগে নয় জন অয়েল ট্যাংকার ও ড্রেজার মালিকের বিরুদ্ধে মামলাগুলো করা হয়েছে।
দ-বিধির ৪০৯ ধারায় এবং ১৯৪৭ সালের দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫ এর (২) ধারায় করা এ ছয়টি মামলায়ই সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে আসামি করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, প্রধান প্রকৌশলী নৌযান জরিপ এবং নকশা অনুমোদন না করেই চারটি ড্রেজার এবং তিনটি অয়েল ট্যাংকারকে ভুয়া সার্ভে সনদ ও রেজিস্ট্রেশন দিয়েছেন। এছাড়া নিয়মানুয়ায়ী ট্যারিফ ভ্যালু অনুযায়ী ড্রেজারের ভ্যাট (মুসক) না নিয়ে গ্রস টন হিসাবে ভ্যাট (মুসক) নিয়েছেন। এতে সরকারের দুই লাখ ৬৯ হাজার টাকা রাজস্ব ক্ষতি হয়েছে।
অন্যদিকে ড্রেজার ও অয়েল ট্যাংকার মালিকরা ভুয়া কাগজপত্র দাখিল করে রেজিস্ট্রেশন নেওয়া এবং ভ্যাট ফাঁকি দেওয়ার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
ড্রেজার ও অয়েল ট্যাংকার মালিকদের বাড়ি নারায়ণগঞ্জ ও বরিশাল এলাকার বলে জানিয়েছেন দুদকের কর্মকর্তারা।
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত থেকে নিয়ে যাওয়ার একদিন পর এক বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার পতাকা বৈঠকের পর বিএসএফ তাকে বিজিবির কাছে হস্তান্তর করে।
মো. সেলিম মিয়া (৩৫) নামের ওই ব্যক্তি বড়লেখা উপজেলার মাঝগান্ধাইল গ্রামের বাসিন্দা।
বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকাল ৪টার দিকে বোবারথল সীমান্তের ১৩৮০ নম্বর পিলার এলাকা থেকে বিএসএফ সদস্যরা সেলিমকে ধরে নিয়ে যায়।
রোববার বিকালে কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শেষে সেলিমকে হস্তান্তর করে বিএসএফ।
বিএনপির রোড মার্চ কর্মসূচিকে 'গাড়ির প্রদর্শনী' হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেছেন, ওই কর্মসূচিতে অংশ নেওয়া প্রতিটি গাড়ির মালিকের অর্থের উৎস খুঁজে বের করতে হবে।
রোববার গাজীপুরের শ্রীপুরে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি প্রসঙ্গে তিনি বলেন, "অনেক সাধ করে ইয়াজউদ্দিন, ফখরুদ্দীন আর মইনুদ্দিনদের এনেছিলেন। তারা তো সবাই আপনার লোক ছিল। তারা তো আপনাকে ক্ষমতায় বসায়নি। আগামীতে তত্ত্বাবধায়ক সরকার আসলেই যে তারা আপনাকে গদীতে বসাবেন- তার কি গ্যারান্টি আছে? আপনাকে আবার যে জেলে যেতে হবে না, তার নিশ্চয়তা কি?"
বিগত চারদলীয় জোটের মেয়াদ শেষে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নেন। এক পর্যায়ে ২০০৭ সালের ১১ জানুয়ারি মইন ইউ আহমেদের নেতৃত্বাধীন সেনাবাহিনীর চাপে ফখরুদ্দীন আহমদকে প্রধান উপদেষ্টা করে নতুন উপদেষ্টা পরিষদকে দায়িত্ব দেন রাষ্ট্রপতি।
ফখরুদ্দীন আহমদের সেই তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেতা শেখ হাসিনা ও খালেদা জিয়াকে দুর্নতির মামলায় গ্রেপ্তার করা হয়।
শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার চলতি বছর সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থাই বিলুপ্ত করে। খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে। ওই ব্যবস্থা পুনর্বহালের দাবিতে গত ১০ অক্টোবর ঢাকা-সিলেট রোডমার্চ করে বিএনপি ও সমমনা দলগুলো, যাতে দুই হাজারেরও বেশি গাড়ি অংশ নেয়।
শেখ হাসিনা বলেন, "রোড মার্চ মানে পায়ে হেঁটে কর্মসূচি পালন। কিন্তু বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গাড়িতে চড়ে কার র্যালি করলেন। এটা রোড মার্চ নয়, রোড শো।
ওই 'র্যালিতে' দুই হাজার 'দামি' গাড়ি অংশ নেয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "এতো গাড়ির টাকা পেলেন কোথা থেকে? প্রত্যেকটা গাড়ির নম্বর প্লেট নিয়ে খুঁজে বের করতে হবে- কোথা থেকে এসব গাড়ি এসেছে। এসব গাড়ি কেনার টাকার উৎস কী- তাও খুঁজে বের করতে হবে।"
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া এখনো 'বিধবা ভাতা' নিচ্ছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "জিয়াউর রহমানের মৃত্যুর পর ছেঁড়া গেঞ্জি আর ভাঙা স্যুটকেস দেখিয়ে তিনি বিধবা ভাতা নিয়েছেন। দুই পুত্রের পড়াশোনার জন্য সরকারি ভাতা নিয়েছেন। বিরোধীদলীয় নেতা এখনো বিধবা ভাতা নিচ্ছেন, আমরা ক্ষমতায় এসেও তা বন্ধ করিনি।"
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিষয়ে ইঙ্গিগত করে প্রধানমন্ত্রী বলেন, "যারা এতিমদের টাকা লুটে খায়, তাদের দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়।"
খালেদার ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে অর্থ পাচার এবং ২১ অগাস্ট গ্রেনেড মামলার প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, "জনগণের অর্থ-সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করবেন; দুর্নীতি করবেন; জঙ্গিবাদ সৃষ্টি করে, গ্রেনেড মেরে মানুষ মারবেন- কিন্তু তাদের কিছু করা যাবে না- এমন আব্দার দেশের জনগণ মেনে নেবে না।"
"যারা হত্যা, সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট ও জঙ্গিবাদ সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিচার অবশ্যই হবে," যোগ করেন প্রধানমন্ত্রী।
বিশ্বজুড়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকলেও সরকার দেশের সাধারণ মানুষের মধ্যে কম দামে খাদ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "আমাদের পাশের দেশেই ৭০/৮০ টাকা কেজিতে চাল বিক্রি হচ্ছে। কিন্তু, আমরা বেশি দামে চাল কিনে, কম দামে তা সাধারণ মানুষের মধ্যে বিক্রি করছি।"
নবম জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি আসনেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করায় সমাবেশে স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দলটির সভানেত্রী।
এই সমাবেশ উপলক্ষে সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকরা বাস, ট্রাক ও বিভিন্ন যানবাহন করে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকে। এ সময় বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করেন তারা। অনেকের কাছে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার প্রতিকৃতিও দেখা যায়।
বিকাল ৪টার পর শেখ হাসিনা সভামঞ্চে উঠলে উপস্থিত জনতা 'জয় বাংলা' ধ্বনি দিয়ে তাকে স্বাগত জানায়।
অন্যদের মধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন, গাজীপুর-৩ আসনের সাংসদ রহমত আলী, গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজ চুমকী, গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল, গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জাহানারা বেগম, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আখতারুজ্জামান, শ্রীপুর পৌরসভার চেয়ারম্যান ইকবাল হোসেন সবুজ, ভাইস চেয়ারম্যান লুৎফুর নাহার, গাজীপুরের মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমতউল্লাহ খান সমাবেশে উপস্থিত ছিলেন।
এর আগে, প্রধানমন্ত্রী দুপুরে মাওনায় দেশের সবচেয়ে বড় ইংরেজি মাধ্যমের আবাসিক স্কুল এবং ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান প্লেজ হারবার স্কুল অ্যান্ড স্পোর্টস একাডেমী উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী এ সময় বলেন, খেলাধূলায় জড়িত থাকলে শিশুরা সুন্দরভাবে গড়ে উঠবে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খেলাধুলা ও চিত্তবিনোদনের ব্যবস্থার ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী।
অভিভাবকরা যেন তাদের শিশুদের অহেতুক চাপ না দেয় তার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, "ছেলেমেয়েদের চেয়ে এখন মায়েদের বেশি টেনশন। শিক্ষার্থীরা যেন সহজ ও সুন্দরভাবে গড়ে উঠতে পারে- তা নিশ্চিত করতে হবে।"
এ সময়, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং গাজীপুর-৩ আসনের সাংসদ রহমত আলী উপস্থিত ছিলেন।